378317

৩৮ মিনিটে ৫ গোল দিয়ে লিগ ওয়ানে আবদাল্লাহর ইতিহাস

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল লঁস। বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিক অ্যাঁজে। তবে এরপরই শুরু হয় আবদাল্লাহ সিমার গোল উৎসব।

মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে অবিশ্বাস্য এক কীর্তি গড়েন সেনেগালের এই ফরোয়ার্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লঁস।

শনিবার রাতে অ্যাঁজের মাঠে অনুষ্ঠিত ম্যাচে আবদাল্লাহর গোলগুলো আসে ৪৩, ৬৪, ৭২, ৭৬ ও ৮১তম মিনিটে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবশেষ এক ম্যাচে পাঁচ গোলের নজির দেখা গিয়েছিল ২০১৮ সালের অক্টোবরে। সেবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জার্সিতে পাঁচবার গোল করেছিলেন লুকা ইয়োভিচ।

লিগ ওয়ানের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা ১৭তম ফুটবলার হলেন আবদাল্লাহ। এই তালিকায় সর্বশেষ নাম লিখিয়েছিলেন কার্লোস এদুয়ার্দো। ২০১৪ সালের অক্টোবরে নিসের হয়ে গেংগাঁর বিপক্ষে পাঁচ গোল করেছিলেন তিনি। পাশাপাশি লঁসের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে একাই পাঁচ গোল করা প্রথম খেলোয়াড়ও এখন আবদাল্লাহ।

দ্রুততম সময়ে এক ম্যাচে পাঁচ গোল করার তালিকায় তার অবস্থান দ্বিতীয়। ১৯৭৪ সালে রেইমসের হয়ে মাত্র ৩১ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করেছিলেন কার্লোস বিয়াঞ্চি। আবদাল্লাহর পাঁচ গোল করতে সময় লেগেছে ৩৮ মিনিট।

ম্যাচের ২০তম মিনিটে আমিন এল ওয়াজ্জানির হেড লঁসের ডিফেন্ডার জোয়ানার শাভেজের গায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে গেলে পিছিয়ে পড়ে সফরকারীরা। প্রথমার্ধে সমতায় ফেরার জন্য চেষ্টা চালালেও গোলের দেখা পাচ্ছিল না তারা। অবশেষে ৪৩তম মিনিটে আবদাল্লাহর গোলে সমতায় ফেরে লঁস।

বিরতির পর ৪৮তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে অ্যাঁজেকে আবার এগিয়ে দেন এল ওয়াজ্জানি। তবে এবারও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকেরা। ৬৪তম মিনিটে আবদুলহামিদের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান আবদাল্লাহ। এরপর ৭২তম মিনিটে দলকে প্রথমবারের মতো এগিয়ে দেন তিনি।

এরপর যেন থামানোই যাচ্ছিল না এই ফরোয়ার্ডকে। ৭৬তম মিনিটে ফ্লোরিয়ান তোভাঁর পাস থেকে নিজের চতুর্থ গোল করেন আবদাল্লাহ। পাঁচ মিনিট পর তোভাঁর ক্রস থেকে হেডে পূর্ণ করেন নিজের পাঁচ গোলের কীর্তি। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হলে দর্শকদের করতালিতে সিক্ত হন ২৫ বছর বয়সি এই ফুটবলার।

আবদাল্লাহর জন্য ম্যাচটি ছিল ব্যক্তিগতভাবেও বিশেষ। এর আগে লিগ ওয়ানে ছয় ম্যাচ খেলে তার গোলসংখ্যা ছিল মাত্র একটি। অ্যাঁজের বিপক্ষে এক ম্যাচেই পাঁচ গোল করে সেই সংখ্যা নিয়ে গেছেন ছয়ে।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবদাল্লাহ বলেন, দিনটি তার জন্য সৌভাগ্যের এবং এমন পারফরম্যান্সে তিনি ভীষণ খুশি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও দলের জয়কে বড় করে দেখছেন তিনি। পিছিয়ে পড়ার পর দুবার ঘুরে দাঁড়িয়ে দলের মানসিক দৃঢ়তার প্রমাণ দেওয়ার কথাও উল্লেখ করেন এই ফরোয়ার্ড।

এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়েছে লঁস। নতুন কোচ দিদিয়ের দিগার্দের অধীনে এটিই দলটির প্রথম জয়। তিন পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় আপাতত সপ্তম স্থানে উঠে এসেছে তারা।

 

ad

পাঠকের মতামত