378323

শীতকালীন অবকাশসহ টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

শীতকালীন অবকাশ, শহিদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ছুটি শেষে ২৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকবে না। সরকারি ও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ছুটির দিনগুলোতে এসব কার্যক্রম বন্ধ থাকবে।

গত বছরের শীতকালীন ছুটির চিত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন অবকাশ, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন এবং বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর আরও এক দিন ক্লাস ছুটি নির্ধারিত ছিল।

তবে গত বছরের নভেম্বরের শেষ দিকে ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের কারণে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছুটির সূচিতে পরিবর্তন আসে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ২৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ১৫ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ৩ ডিসেম্বরের এক সিদ্ধান্তে ওই ছুটির সঙ্গে নির্ধারিত শীতকালীন অবকাশ এবং আরও দুই দিন যুক্ত করা হয়। ফলে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম প্রায় পাঁচ সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ ডিসেম্বর পুনরায় শুরু হয়।

এদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী মোট ৭৫ দিন ক্লাস ছুটি নির্ধারিত ছিল। এর বাইরে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি এবং পাঁচটি দিবসের ছুটি মিলিয়ে ওই শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মোট ছুটির সংখ্যা দাঁড়ায় ১৭৪ দিন। তবে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল ২৩ দিন।

চলতি বছরের শীতকালীন অবকাশে টানা ১৮ দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম নির্ধারিত ছুটির দিনগুলো ছাড়া স্বাভাবিক নিয়মে চলবে বলে জানা গেছে।

 

ad

পাঠকের মতামত