এআইয়ের এক ‘ভালুক’ কাণ্ডে তোলপাড় গোটা গ্রাম মজার খেসারত
একটি ছবি, একটি ভালুক আর একরাশ আতঙ্ক। অথচ সেই ভালুকের অস্তিত্বই নেই। সে হাটেনি কোনো বনের পথ ধরে, পা রাখেনি লোকালয়ের রাস্তায়, এমনকি কোনো গাছের আড়াল থেকেও উকি দেয়নি। তার জন্ম হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজিতে। কিন্তু ছবির কারু কাজ এতটাই নিখুত, সেটি দেখে সত্যিকারের ভালুক ভেবে বসেন এক গ্রামের মানুষ। এরপর যেটা ঘটল, সেটা শুনলে হাসি চেপে রাখা কঠিন। কাল্পনিক এক প্রাণীকে খুজতে রীতিমতো মাঠে নামল পুলিশ ও বন্যপ্রাণী রক্ষী বাহিনী। শেষ পর্যন্ত ধরা পড়ল না ভালুক, বরং ধরা পড়ল তার স্রষ্টার দুষ্টুমি। আর সেই মজার খেসারত দিতে হলো জরিমানা গুনে।
ঘটনাটি রাশিয়ার সুদূর পূর্ব অঞ্চলের আমুর এলাকার মাগদাগাচি জনপদের। গত সেপ্টেম্বরে সেখানকার ২১ বছর বয়সী এক নারী বন্ধুকে একটু চমকে দেয়ার প্ল্যান করেন। এ জন্য আশপাশের একটি রাস্তার ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে জুড়ে দেন বিশালদেহী বাদামি ভালুক। ছবিতে মনে হচ্ছিল, জনবসতিপূর্ণ রাস্তা ধরে দিব্যি হেটে বেড়াচ্ছে হিংস্র প্রাণীটি। এরপর ছবিটি পাঠিয়ে দেন এক বান্ধবীর কাছে। তার ধারণা ছিল, বান্ধবী হয়তো একটু চমকে উঠবে, এরপর দুই জন মিলে হাসাহাসি করবে। কিন্তু মজার ছলে শুরু হওয়া সেই কাণ্ড যে গোটা এলাকায় আতঙ্ক ছড়াবে, সেটা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তিনি।
ছবিটি ব্যক্তিগত আলাপচারিতার গণ্ডি পেরিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন বার্তা আদান-প্রদানের অ্যাপে। একের পর এক মানুষের মোবাইল ফোনে পৌছে যায় ‘ভালুকের’ ছবি। কেউ সেটি সত্যি ভেবে পরিচিতদের সতর্ক করেন, কেউ আবার খবর দেন পুলিশকে। মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। স্থানীয় বাসিন্দাদের উদ্বিগ্ন ফোন পেতে শুরু করে পুলিশ। বিষয়টি পৌছে যায় জেলা প্রশাসনের প্রধানের কাছেও। লোকালয়ে হিংস্র প্রাণী ঢুকে পড়েছে, এমন আশঙ্কায় বন্যপ্রাণী তদারকির দায়িত্বে থাকা কর্মীদের পাঠানো হয় খোজাখুজিতে। শুরু হয় কাল্পনিক ভালুকের বাস্তব অনুসন্ধান।
কিন্তু যতই খোজাখুজি চলুক, ভালুকের আর দেখা মেলে না। কারণ, দেখা মিলবে কি করে? যে প্রাণীকে ধরতে সবাই ব্যস্ত, তার তো কোনো অস্তিত্বই নেই। এক সময় দুষ্টুমির পরিণতি বুঝতে পেরে ওই নারী নিজেই পুলিশকে ফোন করেন। স্বীকার করেন, ছবিটি তারই তৈরি; বাস্তবে কোনো ভালুক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না। এরপর আদালতে গড়ায় বিষয়টি। অক্টোবরে আদালত তাকে ১৫ হাজার রুবল জরিমানা করেন, যেটা প্রায় ১৭৮ ডলারের সমান। রাশিয়ার আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে ন্যূনতম জরিমানা ৩০ হাজার রুবল হলেও নিজের অপরাধ স্বীকার করে পুলিশের কাছে যাওয়ায় তার জরিমানা অর্ধেক করা হয়। আদালত তার অনুশোচনা, আর্থিক অবস্থা এবং আগে কোনো অপরাধে জড়িত না থাকার বিষয়টিও বিবেচনায় নেন।
তবে রাশিয়ায় এআইয়ের বানানো ভালুক নিয়ে এটিই প্রথম কাণ্ড নয়। এর আগেও একই ধরনের দুষ্টুমি করে বিপাকে পড়েছিলেন দেশটির পূর্ব অঞ্চলীয় ট্রান্সবাইকাল এলাকার এক নারী। সেপ্টেম্বরের শুরুতে তিনি একটি গ্রামের রাস্তায় ভালুক ঘুরে বেড়ানোর কৃত্রিম ছবি তৈরি করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ছবিটি দ্রুত স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পৌছে যায় আঞ্চলিক কর্তৃপক্ষের কাছেও। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোজাখুজি করেও ভালুকটির সন্ধান পায়নি। তদন্তে বেরিয়ে আসে, ছবিটি আসলে এআইয়ের তৈরি। আদালত ওই নারীকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়। শুধু তা-ই নয়, ছবিটি তৈরিতে ও ছড়িয়ে দিতে ব্যবহৃত তার আইফোন ১১-ও বাজেয়াপ্ত করা হয়।
ভালুক নিয়ে কেন এতটা আতঙ্ক
এবারের ঘটনাগুলোকে নিছক হাস্যকর দুষ্টুমি বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। কারণ, রাশিয়ায় সত্যিকারের ভালুকের আনাগোনাও কম নয়। বিশেষ করে চলতি বছর দেশটির বিভিন্ন অঞ্চলে ভালুকের হামলায় প্রাণহানির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। বার্তা সংস্থা ‘রয়টার্স’র ১৪ অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, বসন্তের পর থেকে ভালুকের আক্রমণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। শীতনিদ্রা শেষে খাবারের সন্ধানে বেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে আসছে ক্ষুধার্ত ভালুক।
বিশেষজ্ঞদের বরাতে রয়টার্স জানিয়েছে, বেরি ও পাইন বাদামের ফলন খারাপ হওয়ায় বনের প্রাণীদের খাবারের সংকট তৈরি হয়েছে। ফলে মানুষের বসতির কাছাকাছি চলে আসার প্রবণতাও বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভালুকের সংখ্যা বৃদ্ধি। রুশ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বাদামি ভালুকের সংখ্যা গত তিন দশকে দ্বিগুণের বেশি বেড়ে প্রায় তিন লাখ আট হাজারে দাড়িয়েছে। তুলনামূলক উষ্ণ ও ছোট শীতকালও এই বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত সরকারি হিসাবের বরাতে রয়টার্স জানায়, মানুষের জন্য বিপজ্জনক বিবেচিত তিন হাজার ৪৪০টির বেশি ভালুককে চলতি বছরে মেরে ফেলা হয়েছে।
এমন পরিস্থিতিতে লোকালয়ে ভালুকের ছবি দেখলে মানুষ যে আতঙ্কিত হবে, সেটিই স্বাভাবিক। কিন্তু বাস্তবের সেই ভয়কে পুজি করে এআইয়ের তৈরি ছবি ছড়িয়ে দেয়া পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এতে অকারণে পুলিশ, বনকর্মী ও উদ্ধার কর্মীদের সময় ও শ্রম ব্যয় হয়। সবচেয়ে বড় কথা, সত্যিকারের বিপদের খবর এলেও মানুষ বিভ্রান্ত হতে পারে। কোনটি বাস্তব আর কোনটি কৃত্রিমতা, এ নিয়ে তৈরি হতে পারে অনাস্থা।
প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে নতুন ডানা দিয়েছে। কয়েকটি নির্দেশনা লিখেই এখন এমন ছবি তৈরি করা যায়, যেটা প্রথম দেখায় বাস্তব বলে মনে হয়। কিন্তু সেই ক্ষমতার সঙ্গে দায়িত্বও জড়িয়ে আছে। বন্ধুকে চমকে দেয়ার জন্য বানানো একটি ছবি যখন গোটা জনপদকে আতঙ্কিত করে তোলে, তখন সেটি আর নিছক রসিকতা থাকে না। রাশিয়ার দুই নারীর অভিজ্ঞতা অন্তত সেই কথাই মনে করিয়ে দিল।
এআইয়ের দুনিয়ায় এখন বাঘ, সিংহ কিংবা ভালুক; যে কাউকেই মুহূর্তে হাজির করা সম্ভব। তবে ছবির পর্দায় তাদের দেখা গেলেই যে বাস্তবে তাদের খুজতে বন কর্মীদের পাঠাতে হবে, এমন নয়। তাই পরের বার মোবাইল ফোনে কোনো অস্বাভাবিক বন্যপ্রাণীর ছবি দেখলে আতঙ্কিত হওয়ার আগে একটু যাচাই করে নেয়াই বুদ্ধিমানের কাজ। নইলে কাল্পনিক ভালুকের পেছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের পকেট থেকেই বেরিয়ে যেতে পারে জরিমানার টাকা। তথ্যসূত্র :রয়টার্স








