378335

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পেছনে ‘আইনি ফাঁকফোকর’ রাখা হয়েছে: মাহফুজ আলম (ভিডিও)

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে বিরোধিতা বা আপত্তি ছিল বলে জানিয়েছেন মাহফুজ আলম। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে নিষিদ্ধ না করে কেবল দলটির ‘কার্যক্রম নিষিদ্ধ’ করার পেছনে আইনি ও ধারাগত একটি সূক্ষ্ম পার্থক্য বা ফাঁকফোকর রাখা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের পটভূমি, আইনি প্রক্রিয়া এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে মাহফুজ আলম জানান, এ বিষয়ে সরকারের কোনো একক বা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছিল না। উপদেষ্টা পরিষদের আলোচনায় কেউ কেউ অবশ্যই এর বিরোধিতা করেছিলেন। বিশেষ করে ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিতে আপত্তি এসেছিল।

তিনি আরও জানান, প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর যমুনার সামনে হাসনাত আবদুল্লাহসহ আন্দোলনকারীদের বিক্ষোভের মুখেই মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। সরকার ইচ্ছা করে আন্দোলন করিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে—এমন ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, আন্দোলনের চাপের মুখেই বিষয়টি সামনে আসে।

নিষিদ্ধের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখন সন্ত্রাসবিরোধী আইনে সরাসরি দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সরাসরি দল নিষিদ্ধ না করে ‘কার্যক্রম নিষিদ্ধ’ করা হয়েছে। এই আইনি ফাঁকফোকর রাখার ফলে আওয়ামী লীগ এখন দেশের বাইরে গিয়ে “আমাদের দল নিষিদ্ধ করা হয়েছে”—এমন কথা বলার সুযোগ পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কাঠামোর তুলনা করে মাহফুজ আলম বলেন, জামায়াতের পুরো কাঠামোটি আদর্শিক হলেও আওয়ামী লীগের পুরো বডি আদর্শিক নয়। আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি হলো শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের প্রতি এক ধরনের আবেগ এবং রাজতান্ত্রিক মানসিকতা।

নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার (১৯৫৪ সালে মুসলিম লীগের মতো) সুযোগ ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, নিষিদ্ধ করার কারণে তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিকটিম কার্ড’ খেলার সুযোগ পাচ্ছে এবং ৭০-৮০ শতাংশ ভোট পাওয়ার দাবি করছে। তবে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরে তিনি দাবি করেন, দেশে আওয়ামী লীগের আদর্শিক বা সুবিধাভোগী সমর্থক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয় এবং জনসমর্থনের জায়গায় দলটি আর আগের অবস্থানে নেই।

সূত্র: Channel 24

ad

পাঠকের মতামত