378333

স্পিকার হাফিজ উদ্দিনের মন্তব্যে ‘গা জ্বলছে’ ভারতীয়দের! (ভিডিও)

ইসলামাবাদে ছয় দিনের সফরে গিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের করা একটি মন্তব্যকে ঘিরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তার বিরুদ্ধে ‘ভারতবিরোধী বিদ্বেষমূলক আখ্যান’ ছড়ানোর অভিযোগ তুললেও সমালোচক ও বিশ্লেষকরা বিষয়টিতে ভারতীয় রাজনীতিক ও গণমাধ্যমের দ্বিমুখী আচরণের প্রশ্ন তুলেছেন।

বিবিসি উর্দুর এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, “ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করেছে।” মূলত এই একটি বাক্যকে কেন্দ্র করেই সীমান্তের ওপারে টিভি স্টুডিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় ওঠে। এ ছাড়া সফরকালে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তাকে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের গ্যালারির স্মৃতিচারণ এবং দুই দেশের ভ্রাতৃত্বের কথা বলতে দেখা যায়।

স্পিকারের এই বক্তব্যের পর সমালোচকরা ২০২৪ সালে ভারতের লোকসভায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন। সে সময় প্রিয়াঙ্কা গান্ধী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফল কূটনীতির প্রশংসা করে বলেছিলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে মোকাবিলা করে পাকিস্তানকে বিভাজন করেছিলেন, বাংলাদেশ বানিয়েছিলেন এবং এক লাখ পাকিস্তানি সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন। সমালোচকদের প্রশ্ন, ১৯৭১ সালে ভারতের ভূমিকা নিয়ে দুই বক্তব্যের ভাষা আলাদা হলেও মূল বিষয়বস্তু প্রায় একই। ভারতের কোনো নেত্রী যখন পাকিস্তান ভাঙার কৃতিত্ব দাবি করেন তখন তা গর্বের বিষয় হয়, অথচ বাংলাদেশের স্পিকার একই প্রসঙ্গ টানলে তা কীভাবে অপরাধ বা ভারতবিরোধিতা হিসেবে গণ্য হয়—তা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের একাংশের মতে, মুক্তিযুদ্ধের পূর্ণ কৃতিত্ব নিজের ঝুড়িতে রাখতে চাওয়া এবং বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির আওতায় অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়টি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: Ekushey Television – ETV

ad

পাঠকের মতামত