বেলিংহ্যামের লাল কার্ডের পর রেফারিকে ধুয়ে দিলেন মরিনহো
ঘরের মাঠে দেপোর্তিভো আলাভেসের কাছে মৌসুমে ঘরের মাঠে প্রথম হারের পর রেফারি গিলের্মো সোতো গ্রাদোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। জুড বেলিংহামের বিতর্কিত লাল কার্ডের ঘটনায় এই রেফারির নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগিজ এই কোচ।
ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচ কিকে সানচেজ ফ্লোরেসের কৌশলের প্রশংসা করলেও সোতো গ্রাদোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মরিনহো। এর আগে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রকে লাল কার্ড দেখানোর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এটি একটি ধারাবাহিক প্রবণতা।
সংবাদমাধ্যম এএস-এর বরাতে মরিনহো বলেন, মাঠে বল ছুড়ে মারা ও সময় নষ্ট করার বিষয়ে রেফারি ছিলেন বেশ উদার। আগে এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে, এবার বেলিংহ্যামকে লাল কার্ড দেখালেন। দেখা যাক আগামী মৌসুমে কোর্তোয়ার পালা আসে কি না। আমার মনে হয় এই রেফারি নিজের ক্ষমতা দেখাতে ভালোবাসেন, নিজেকে অসাধারণ কিছু প্রমাণ করতে চান।
বেলিংহ্যামের পেনাল্টির দাবি ও লাল কার্ড প্রসঙ্গে ডাগআউটের ট্যাবলেটে রিপ্লে দেখার অভিজ্ঞতাও অকপটে জানান মরিনহো। তার ভাষায়, ট্যাবলেটে দেখে ঘটনাটি সন্দেহজনক মনে হয়েছিল; কিন্তু জুড বলেছে এটি পেনাল্টি। খেলোয়াড় যখন বলে পেনাল্টি, তখন আমাকে তার কথায় বিশ্বাস রাখতে হবে। দ্রুত ফুটেজে মনে হয়েছিল হয়তো একটু অতিরঞ্জিত, তবুও জুডের কথার ওপর আমার আস্থা রয়েছে।
রেফারিংয়ের পাশাপাশি নিজের দলের ক্লান্তি ও শারীরিক সতেজতার অভাবকেও হারের কারণ হিসেবে স্বীকার করেন মরিনহো। কিকে সানচেজ ফ্লোরেসের রক্ষণাত্মক কৌশল মোকাবিলার প্রস্তুতি থাকলেও মাঠে সেই তীব্রতা ও সতেজতা দেখাতে পারেনি রিয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ পর হারের এই ধাক্কায় লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ছোঁয়ার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। তার ওপর সপ্তাহের মাঝামাঝি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে বেলিংহ্যাম ও ইব্রাহিমা কোনাতে দুজনকেই পাচ্ছেন না মরিনহো।








