তুমি আমার ‘পোলট্রি মুরগি’, আমি তোমার… প্রেমময় ব্যানারে সয়লাব শহর, ঘটনা কী?
ভালোবাসার মানুষকে কত নামেই না ডাকে সবাই! যার মূল উদ্দেশ্য প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়া। আবার সঙ্গী যদি অভিমান করে, তবে তো কথাই নেই। সেই মান ভাঙাতে অনেক কিছুই নির্দ্বিধায় করে ফেলে প্রেমিক মন। কিন্তু তাই বলে প্রিয়জনের কাছে ক্ষমা চাইতে পুরো শহরে ব্যানার! এমন ঘটনা সচরাচর কমই দেখা যায়। তবে এবার তেমনই এক ব্যতিক্রমী কাণ্ড দেখা গেছে সিরাজগঞ্জে। তাও আবার ব্যানারে সঙ্গীকে সম্বোধন করা হয়েছে ‘পোলট্রি মুরগি’ বলে।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ব্যানারকে কেন্দ্র করে। ব্যানারে লেখা রয়েছে, ‘আই অ্যাম সরি পোলট্রি মুরগি।’ নিচে প্রেরক হিসেবে লেখা, ‘পার্সোনাল গরু’। স্বাভাবিকভাবেই ব্যানারটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সবার মনেই প্রশ্ন, এর নেপথ্যে কে? জানা গেছে, এই ব্যানার টানানোর পেছনে রয়েছেন সিরাজগঞ্জের এক তরুণ। ব্যানারের লেখা থেকেই স্পষ্ট, প্রিয় মানুষ তার ওপর অভিমান করেছে। আর সেই অভিমান ভাঙাতেই তার এমন অভিনব আয়োজন, যা নেটিজেনদের নজর কেড়েছে।
ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরে মিশ্র ও মজার সব প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন, আবার কেউ এই যুগলকে শুভকামনা জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম থাকুক, মান-অভিমান থাকুক। ভালোবাসার শহর সিরাজগঞ্জ ভালোবাসায় থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!’ ব্যস্ত ও জটিল সময়ে এমন সরল ও খুনসুটিভরা ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে অনেকের মন। উৎস: সংবাদ প্রতিদিন ইন।








