313081

ধবলধোলাই হয়ে সাংবাদিকের ওপর খেপলেন কোহলি

স্পোর্টস ডেস্কঃ ক্রাইস্টচার্চে কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসন আউট হওয়ার পর ঠোঁটে আঙুল দিয়ে গ্যালারির দর্শককে চুপ করতে বলেন কোহলি

ক্রিকেটের মাঠে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি কতটা হিংস্র তা সবারই জানা। এই হিংস্রতা শুধু তার ব্যাটিংয়ে আর মাঠের কৌশলে। সাংবাদিকদের ওপরও তিনি মাঝেমধ্যে খেপে যান। এই যেমন, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে আড়াই দিনে টেস্ট হেরে যাওয়ার পর তার উদ্ধত্যপূর্ণ আচরণ। এতে নাখোশ হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা।

ক্রাইস্টচার্চের ম্যাচটিতে কোহলিরা শুধু হেরে যাননি, পুরোদস্তুর ধবলধোলাইয়ের শিকার হয়েছেন। পুরো ম্যাচে নিজেদের বোলিং ইনিংসে আগ্রাসী কোহলিকে দেখেছে দর্শকরা। কিউই ব্যাটসম্যানরা আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার সময় তিনি যে অঙ্গভঙ্গি করেছেন, একজন অধিনায়ক হিসেবে তা বেমানান।

সামাজিক যোগযোগমাধ্যমে কোহলির একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে দেখা যায় কিউই ব্যাটসম্যান আউট হওয়ার পর ঠোঁটে আঙুল দিয়ে গ্যালারির দিকে তাকিয়ে তিনি চুপ করতে বলার একটা ভঙ্গি করেছিলেন। এমনকি ভিডিওতে তাকে কিছু বলতেও দেখা যায়।

এসব বিষয় নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করেন এক সাংবাদিক। এ সময় কোহলির মাঠের আগ্রাসন তার বক্তব্যেও ধরা পড়ে। তিনি বলেন, ‘মাঠে কী ঘটেছে সেটার সত্যতা যাচাই করা দরকার। একজন সাংবাদিক হিসেবে তা না করা উচিৎ হয়নি।’

ওই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, অধিনায়ক হিসেবে মাঠে ভালো উদাহরণ তৈরি করা কি আপনার উচিত নয়? কেন উইলিয়ামসন আউট হওয়ার পর তাকে এবং দর্শকদের আপনি কটু কথা বলেছেন। উত্তরে বিরাট কোহলি বলেন, আপনি কী মনে করেন! সেটাই শুনি।

সাংবাদিক তার প্রশ্ন মনে করিয়ে দিয়ে কোহলিকে আবার বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছি। কোহলি বলেন, ‘ঠিক আছে, আমি আপনার কাছে উত্তরটা শুনতে চাই।’

তখন সাংবাদিক বলেন, অধিনায়ক হিসেবে মাঠে আপনার আরও ভালো উদাহরণ তৈরি করা উচিত। জবাবে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে কী হয়েছিল সেটা আপনার আগে বের করা উচিত। ভালো প্রশ্ন করা উচিত। পুরো ব্যাপারটি না জেনে প্রশ্ন করা আপনার ঠিক হয়নি।’

কোহলি আরও বলেন, ‘আপনি যদি বিতর্ক তৈরি করতে চান, তাহলে এটা আপনার সঠিক জায়গা নয়। ম্যাচ রেফারির সঙ্গে আমার কথা হয়েছে। তার এতে কোনো সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ।’

২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পরেও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপর খেপে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।

ad

পাঠকের মতামত