313085

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি, আক্রান্তের সংখ্যা ১৬৯৪

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটিতে হু হু করে বাড়ছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ হাজার ৬৯৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, আর মৃতের সংখ্যা ৩৪। তবে কোনো বাংলাদেশি প্রবাসী সেখানে আক্রান্ত হয়েছেন কি না, জানা যায়নি।

ইতালি সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত রোববার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৪ জনে। নতুন করে পাঁচজনের মৃত্যুতে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি বলেও জানান তিনি।

লম্বার্ডি অঞ্চলের একটি জরিপও গণমাধ্যমে প্রকাশ করেন অ্যাঞ্জেলো বোরেলি। এতে দেখা যায়, অঞ্চলটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৮৪ জন। এর মধ্যে ৪০৬ জন হাসপাতালে ভর্তি আছেন। মারা গেছেন ২৪ জন।

বোরেলি এও জানান, কোভিড-১৯’র প্রাদুর্ভাব ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেখানকার ঠান্ডা আবহাওয়ার কারণে অনেকেই জ্বর সর্দি কাশিতে ভোগেন। তাই নাগরিকদের আকঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

ইতালির কয়েকটি অঞ্চলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেলেও কোনো বাংলাদেশি প্রবাসী সেখানে আক্রান্ত হয়েছেন কি না, তা জানা যায়নি। প্রায় ২ লাখ বাংলাদেশির বসবাস রয়েছে দেশটিতে। দূতাবাস থেকেও এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারণে ইতোমধ্যে ইতালির সরকার বহু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান বন্ধ ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দায় পড়তে পারে ইতালি। বিভিন্ন শহরের ক্যাফে ও হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে।

ad

পাঠকের মতামত