378255

২৫ মাস পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান

দীর্ঘ ২৫ মাসের অপেক্ষা। অবশেষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকেরা। একই ভেন্যুতে প্রথম টেস্ট ড্র হয়েছিল।

পাকিস্তানের এই জয়ে বড় অবদান আমের জামালের। তবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন পেসার মোহাম্মদ আব্বাস।

সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এরপর নানা ব্যর্থতা আর হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। এই সময়ে বাংলাদেশের কাছে ধবলধোলাইও হতে হয়েছে। অবশেষে সিরিজ জয়ের অপেক্ষা ঘুচল শ্রীলঙ্কার বিপক্ষে।

রাওয়ালপিন্ডিতে আজ ম্যাচের চতুর্থ দিন জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল মাত্র ৯০ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে সফরকারীরা মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ৩২৫ রান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।

আমের জামাল মাত্র ২২ বলে ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। অন্য প্রান্তে ওপেনার আজান আওয়াইস অপরাজিত ছিলেন ৩২ রানে।
বল হাতেও উজ্জ্বল ছিলেন জামাল। দুই ইনিংসেই ৩টি করে মোট ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ আব্বাস। হয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরা।

 

ad

পাঠকের মতামত