মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত : সিইসি
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’-নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্য ‘তার ব্যক্তিগত ও অসত্য’ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।আজ মঙ্গলবার রাঙামাটিতে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সিইসি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। নির্বাচনে ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কিছু নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য তার ব্যক্তিগত ও অসত্য।’
‘নির্বাচনের সময় পাহাড়ে প্রত্যেকটা কেন্দ্রে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’ জানিয়ে তিনি বলেন, ‘সমতলের মতো পার্বত্য এলাকায়ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।’এর আগে গতকাল সোমবার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মাহবুব তালুকদার বলেন, ‘আমি কখনো তার বক্তব্যের বিরোধিতা করি না। তিনি তার কথা বলেন। আমি প্রয়োজনে আমার ভিন্ন মত প্রকাশ করি। আপনারা তো সাংবাদিক, আপনারা দেশের সব খবর রাখেন। সবকিছু দেখেন। আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, নির্বাচনে এখন লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, তাহলে উত্তর পেয়ে যাবেন।’
তিনি বলেন, ‘আমি আশাবাদী মানুষ। এখনো যে সময়টুকু আছে তাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি পালন করতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির বিচারকদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। আমি মনে করি, সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আশাব্যাঞ্জকভাবে পাল্টে যাবে।’সভায় উপস্থিত ছিলেন ইসি বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি মো. গোলাম ফারুকসহ তিন পার্বত্য জেলার সামরিক-বেসমারিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।




