৭০ অনুচ্ছেদ সংশোধন ও ডিজিটাল আইন বাতিল হবে
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করাসহ ১৯ অঙ্গীকার নিয়ে আসন্ন একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর লেকশোর হোটেলে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ সময় ১৯টি অঙ্গীকার তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে শর্তসাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে।’বিএনপি মহাসচিব বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সরকারে সাথে কোনো বিষয়ে মতভিন্নতা থাকলেও কারো কণ্ঠ রোধ করা হবে না। অনলাইন মনিটরিং তুলে দিয়ে জনগণকে অবাধে কথা বলার ও মত প্রকাশের সুযোগ দেওয়া হবে।’
এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসহ সকল প্রকার কালা-কানুন বাতিল করা হবে এবং তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তি দ্রুততর করার জন্য বিদ্যমান বাধাসমূহ পুরোপুরি দূর করা হবে বলেও জানান বিএনপি এ নেতা।বিএনপির ইশতেহারে ১৯টি অঙ্গীকার হলো- ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনীতি, মুক্তিযোদ্ধা, যুব নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান, জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিং ফান্ড প্রতিষ্ঠা, পরিবেশ, পররাষ্ট্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গুরুত্বারোপ।
ইশতেহার ঘোষণাকালে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিভিন্ন পেশাজীবী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’কে গুরুত্ব দিয়ে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এর আগে সকালে ২১ অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




