212385

পাত্রীর ৩৩, পাত্র ৬২, ৯০০০ কোটি ঋণ নিয়ে পালিয়ে বিয়ে!

মামলা-মোকদ্দমা নিয়ে তিনি নাজেহাল। তাঁর প্রত্যর্পণ মামলার বিচার চলছে লন্ডনের আদালতে। এই দুঃসময়ের মধ্যেই নতুন জীবনসঙ্গিনী আসতে চলেছে ‘কিং অব গুড টাইমস’ বিজয় মালিয়ার। সূত্রের খবর, ৬২ বছরের লিকার ব্যারন তৃতীয়বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন ফ্লাইট অ্যাটেনডেন্ট তথা ‘দুঃসময়ের’ বান্ধবী, ৩৩ বছরের পিঙ্কি লালওয়ানির সঙ্গে।
কিংফিশার কর্তা বিজয় মালিয়ার উড়ান-প্রেম নতুন কিছু নয়। এয়ার ইন্ডিয়ার বিমানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এয়ার হোস্টেস সমীরা তাবেরজির। প্রথম দর্শনেই প্রেম। পরে পরিণয়। সেটা ১৯৮৬ সাল। সিদ্ধার্থের জন্মের পরেই সমীরার সঙ্গে ছাড়াছাড়ি হয় বিজয় মালিয়ার। এরপর ছোটবেলার বন্ধু রেখাকে ১৯৯৩ সালে বিয়ে করেন লিকার ব্যারন। দু’বার বিচ্ছেদের পর রেখার ছিল সেটা তৃতীয় বিয়ে। সেই বিয়ে এখনও ভাঙেনি। কিন্তু রেখা তার মেয়েদের নিয়ে আলাদা থাকেন।

তখন সত্যিই সুসময় চলছে ‘কিং অব গুড টাইমসে’র। কিংফিশার এয়ারলাইন্সের তখন রমরমা। এমন সময়ে কিংফিশার বিজ্ঞাপন প্রচারে নজর কাড়লেন এক তন্বী সুন্দরী। তাকেই এয়ারলাইন্সের মুখ হিসেবে তুলে ধরতে চাইলেন কিংফিশার কর্তা বিজয় মালিয়া। সেটা ২০১১ সাল। ২৬ বছরের পিঙ্কিকে সংস্থার এয়ার অ্যাটেনডেন্ট নিয়োগ করলেন তিনি। পিঙ্কির এক বান্ধবী সেদিনের কথা বলতে গিয়ে বলেছেন, যেদিন প্রথমবার ‘বস’-এর মুখোমুখি হয়েছিলেন, সেদিনই একে অপরের প্রেমে পড়ে যান। পিঙ্কির বান্ধবী বলছেন, তখন পিঙ্কি ইচ্ছে করলেই আলাদা হয়ে অনায়াসে জীবন কাটাতে পারত। কিন্তু পিঙ্কি তা করেনি।

আসলে বয়সের তফাৎ হলেও, বিজয় মালিয়া নামটা তখন একটা ফ্যাক্টর। ফলে কর্মী হয়েও সংস্থার বস-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠল পিঙ্কির। এরপর ‘কিং অব গুড টাইমসে’র ‘ব্যাড টাইমস’ শুরু হল। কিংফিশারের কর্মীরা বেতন না পেয়ে শুরু করলেন বিক্ষোভ। বন্ধই হয়ে গেল দেশের অন্যতম সেরা এয়ারলাইন্স কিংফিশার। পিঙ্কির কিন্তু বেতন নিয়ে কোনও হেলদোল নেই। সহকর্মীদের পাশে না থেকে তিনি তখনও বস-এরই সঙ্গী। কিংফিশার এয়ারলাইন্সই যে বন্ধ হয়ে গেল তা নয়, ন’হাজার কোটির জালিয়াতির মামলাও শুরু হল লিকার ব্যারন বিজয় মালিয়ার বিরুদ্ধে। একসময় দেশ ছাড়লেন মালিয়া। সঙ্গী সেই পিঙ্কি। ওয়েস্টমিনস্টার আদালতে মালিয়ার প্রত্যর্পণ মামলার শুনানির সময়ও গ্যালারিতে দেখা গিয়েছে পিঙ্কিকে।

ছুটি কাটানোর ক্ষেত্রে লন্ডন মালিয়ার খুবই পছন্দের জায়গা। লন্ডনের বাড়িতে পিঙ্কির সঙ্গেই থাকেন বিজয় মালিয়া। তার মায়ের সঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে পিঙ্কিকে। এমনকি ছেলে সিদ্ধার্থের সঙ্গে অনায়াস সম্পর্ক রয়েছে তার। অনেকেই বলেন, পিঙ্কির সঙ্গে বিয়ে হয়েই গিয়েছে বিজয় মালিয়ার। কিন্তু সূত্রের খবর, দ্বিতীয় স্ত্রী রেখার সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি বিজয় মালিয়ার। তাই পিঙ্কিকে বিয়ে করতে পারেননি মালিয়া। গত কয়েক বছর ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কে রয়েছেন। সম্প্রতি সেই সম্পর্কের তৃতীয় বার্ষিকী ঘটা করে পালন করেছেন তারা।

ঘনিষ্ঠরা বলছেন, দু’টি সংস্থা চলে গিয়েছে বিজয় মালিয়ার। তার বিরুদ্ধে প্রত্যর্পণ মামলা চলছে। এখন রাতের ঘুম চলে গিয়েছে মালিয়ার। কিন্তু এই দুঃসময়েও প্রকৃত বন্ধুর মতো বিজয় মালিয়াকে আগলে রেখেছেন পিঙ্কি। শুধু সুসময় নয়, দুঃসময়েও মালিয়ার পাশে থেকেছেন এই সুন্দরী। তাই পিঙ্কিকেই ঘরণীর মর্যাদা দিতে চাইছেন।

ad

পাঠকের মতামত