‘চালকের ঘুম’ কেড়ে নিল ২ প্রাণ
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।এ দুর্ঘটনার জন্য বাসচালকের ঘুমিয়ে পড়াকে দায়ী করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন— বাসচালক ফারুক হোসেন (৩০)। তিনি উপজেলার কুঠিপাড়া গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে। নিহত অপর জনের পরিচয় জানা যায়নি।
গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলতাফ হোসেন জানান, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ‘একতা পরিবহন’ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এ সময় উপজেলার কামারপাড়া এলাকায় ‘মহানন্দা স্পেশাল’ নামের রাজশাহীগামী আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহানন্দা স্পেশাল নামের বাসটি সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় মহানন্দা স্পেশাল বাসটির চালক ফারুক ও এক বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানা পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে।
আহত যাত্রীদের বরাত দিয়ে আলতাফ হোসেন আরও জানান, একতা পরিবহনের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ জন্য মহানন্দা স্পেশালের যাত্রীরা বেশি আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




