এই ৭ কাজ করছেন রাতে ঘুমানোর আগে? ক্ষতি হতে পারে শরীরের
সারাদিনের ব্যস্ততা শেষে রাতে বিছানায় গা এলিয়ে দেওয়া মানেই যে শরীর পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে, তা নয়। অনেকেরই ঘুমানোর আগের কিছু অভ্যাস অজান্তে ব্যাহত করছে স্বাভাবিক ঘুম। কেউ বিছানায় শুয়ে দীর্ঘ সময় মোবাইল ফোন দেখেন, কেউ রাত করে ভারী খাবার খান, আবার কেউ ঘুমানোর ঠিক আগে চা-কফি পান করেন। এসব অভ্যাসের প্রভাব শুধু ঘুম আসতে দেরি হওয়াতেই সীমাবদ্ধ নয়, নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটলে দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবিষয়ক সাময়িকী প্রিভেনশন-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঘুমবিষয়ক চিকিৎসকেরা এমন সাতটি অভ্যাসের কথা তুলে ধরেছেন, যেগুলো ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে।
১. ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিন দেখা: ঘুমানোর আগে মোবাইল ফোন, ট্যাবলেট বা টেলিভিশন দেখা অনেকের নিয়মিত অভ্যাস। বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করা কিংবা ভিডিও দেখতে দেখতে রাত পার করে দেন অনেকে। কিন্তু এসব যন্ত্রের আলো ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে।
প্রিভেনশন-এর প্রতিবেদনে নিউইয়র্ক মেডিকেল কলেজের পালমোনারি, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্লিপ মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক মরগান সোফলার বলেন, স্ক্রিনের আলো ঘুমের সংকেতবাহী হরমোন মেলাটোনিনের কার্যক্রমে বাধা দিতে পারে। এতে ঘুম আসতে দেরি হয়। একই সঙ্গে শরীরের স্বাভাবিক ঘুম ও জাগরণের ছন্দ বা সার্কাডিয়ান রিদমও ব্যাহত হতে পারে।
যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। তাই ঘুমের আগে মোবাইল ব্যবহারের সময় কমিয়ে বই পড়া বা শান্ত কোনো কাজে সময় দেওয়া ভালো।
২. সারা রাত টেলিভিশন বা স্ক্রিন চালু রাখা: অনেকে ঘুমানোর সময় টেলিভিশন চালু রাখেন। কারও আবার মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন বন্ধ না করেই ঘুমিয়ে পড়ার অভ্যাস রয়েছে। এতে ঘুমের পরিবেশে আলো থেকে যায়, যা স্বাভাবিক ঘুমে বাধা সৃষ্টি করতে পারে।
প্রিভেনশন-এর প্রতিবেদনে প্রায় ৪৮ হাজার মানুষের ওপর করা একটি গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর সময় টেলিভিশন চালু রাখার সঙ্গে কম সময় ঘুমানো, ঘুমের সময়সূচিতে অনিয়ম এবং ঘুমাতে ও ঘুম ধরে রাখতে অসুবিধার সম্পর্ক রয়েছে। অন্ধকার পরিবেশে ঘুমানোর তুলনায় এ ধরনের অভ্যাসে অনিদ্রার লক্ষণও বেশি দেখা গেছে।
তাই ঘুমানোর সময় টেলিভিশন, মোবাইল বা অন্য কোনো স্ক্রিন চালু না রাখাই ভালো। শোবার ঘর যতটা সম্ভব অন্ধকার ও শান্ত রাখা উচিত।
৩. ঘুমানোর ঠিক আগে বেশি খাবার বা পানীয় গ্রহণ: রাতের খাবার খাওয়ার পরপরই বিছানায় যাওয়ার অভ্যাস অনেকের রয়েছে। কেউ আবার ঘুমানোর আগে পেট ভরে খাবার খান। বিশেষজ্ঞদের মতে, ঘুমের কাছাকাছি সময়ে অতিরিক্ত খাবার বা পানীয় গ্রহণ ঘুমের মানে প্রভাব ফেলতে পারে।
প্রিভেনশন-এর প্রতিবেদনে চিকিৎসক মরগান সোফলার বলেন, ঘুমানোর আগের কয়েক ঘণ্টায় বেশি খাবার বা পানীয় গ্রহণ করলে ঘুমের মান খারাপ হতে পারে। বিশেষ করে যাদের বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তারা খাওয়ার পরপর শুয়ে পড়লে অস্বস্তি বাড়তে পারে। এ ছাড়া রাতে বেশি তরল পান করলে ঘুমের মধ্যে বারবার প্রস্রাবের জন্য উঠতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অধীন ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটও ঘুমানোর কয়েক ঘণ্টা আগে ভারী খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। রাতে ক্ষুধা লাগলে ভারী খাবারের বদলে হালকা কিছু খাওয়া যেতে পারে।
৪. দিনের শেষ ভাগে চা-কফি বা ক্যাফেইনযুক্ত পানীয় পান: বাংলাদেশে চা-কফি পান করার অভ্যাস বেশ প্রচলিত। অফিসের কাজ, পড়াশোনা কিংবা আড্ডায় সন্ধ্যার পরও অনেকেই চা বা কফি পান করেন। কিন্তু এসব পানীয়তে থাকা ক্যাফেইন ঘুমের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দিতে পারে।
প্রিভেনশন-এর প্রতিবেদনে চিকিৎসক মরগান সোফলার বলেন, কফি, কোমল পানীয় ও এনার্জি ড্রিংকের মতো ক্যাফেইনযুক্ত পানীয় দিনের শেষ ভাগে পান করলে ঘুম আসতে অসুবিধা হতে পারে। কারও কারও ক্ষেত্রে ক্যাফেইন শরীরে ধীরে বিপাক হওয়ায় দিনের শুরুর দিকে পান করলেও রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
এনআইএইচের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাফেইনের প্রভাব অনেকের শরীরে আট ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তাই রাতে ভালো ঘুমের জন্য বিকেল বা সন্ধ্যার পর চা-কফি পান কমিয়ে আনা উপকারী হতে পারে। তবে ব্যক্তিভেদে ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতা আলাদা।
৫. ঘুমানোর ঠিক আগে কঠোর ব্যায়াম: নিয়মিত ব্যায়াম শরীরের জন্য উপকারী। তবে দিনের কোন সময়ে ব্যায়াম করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। কেউ কেউ রাতে ঘুমানোর ঠিক আগে জিমে যান বা কঠোর ব্যায়াম করেন। এতে শরীর ক্লান্ত হলেও দ্রুত ঘুম আসবে, এমন ধারণা সব সময় সঠিক নয়।
প্রিভেনশন-এর প্রতিবেদনে চিকিৎসক সারাথি ভট্টাচার্য বলেন, অতিরিক্ত তীব্র বা কঠোর ব্যায়াম ঘুম আসতে দেরি করাতে পারে। এ ধরনের ব্যায়ামে শরীরের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে ওঠে, হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। ফলে শরীর স্বাভাবিকভাবে ঘুমের প্রস্তুতি নিতে সময় পায়।
প্রতিবেদনে নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়েছে, ঘুমানোর আগের চার ঘণ্টার মধ্যে তীব্র ব্যায়ামের সঙ্গে ঘুম আসতে দেরি হওয়া, ঘুমের সময় কমে যাওয়া এবং ঘুমের মান খারাপ হওয়ার সম্পর্ক রয়েছে। তবে হালকা বা মাঝারি মাত্রার ব্যায়াম সবার ক্ষেত্রে ঘুমের জন্য ক্ষতিকর নয়।
৬. রাতে অ্যালকোহল পান: অনেকের ধারণা, অ্যালকোহল পান করলে দ্রুত ঘুম আসে। বাস্তবে এটি ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। শুরুতে তন্দ্রা তৈরি হলেও রাতের পরবর্তী সময়ে ঘুম বারবার ভেঙে যেতে পারে।
প্রিভেনশন-এর প্রতিবেদনে চিকিৎসক মরগান সোফলার বলেন, অ্যালকোহল দ্রুত ঘুম আনতে সাহায্য করলেও পরবর্তী সময়ে ঘুমে বিঘ্ন ঘটাতে পারে। এতে শরীর পর্যাপ্ত পুনরুদ্ধারমূলক বিশ্রাম পায় না।
এনআইএইচের নির্দেশনাতেও ঘুমানোর আগে অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এটি ঘুমের গভীরতা কমিয়ে মাঝরাতে জেগে ওঠার প্রবণতা বাড়াতে পারে।
৭. ঘুমানোর আগেও মস্তিষ্ককে ব্যস্ত রাখা: শরীর বিছানায় গেলেও মস্তিষ্ক যদি কাজের চিন্তা, পরিকল্পনা কিংবা উত্তেজনাপূর্ণ কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সহজে ঘুম আসতে চায় না। কেউ ঘুমানোর আগে অফিসের অসমাপ্ত কাজ করেন, কেউ পরদিনের পরিকল্পনা নিয়ে ভাবেন, আবার কেউ উত্তেজনাপূর্ণ উপন্যাস বা রহস্যকাহিনি পড়েন।
প্রিভেনশন-এর প্রতিবেদনে চিকিৎসক সারাথি ভট্টাচার্য বলেন, ঘুমানোর আগে মস্তিষ্ককে অতিরিক্ত সক্রিয় রাখে এমন কাজ ঘুমের প্রস্তুতিতে বাধা সৃষ্টি করতে পারে। ঘুমানোর আগে মন ও শরীরকে শান্ত হওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন।
এনআইএইচের পরামর্শ অনুযায়ী, ঘুমানোর আগের সময়টুকু শান্ত ও স্বস্তিদায়ক কাজে ব্যয় করা উচিত। হালকা বই পড়া, আরামদায়ক পরিবেশে বসে থাকা কিংবা শিথিলায়নের অনুশীলন এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।
ভালো ঘুমের জন্য কী করবেন?: ঘুমের আগে এসব অভ্যাস কমিয়ে আনার পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা জরুরি। শোবার ঘর শান্ত, অন্ধকার ও আরামদায়ক রাখা উচিত। দিনের বেলায় নিয়মিত শারীরিক পরিশ্রম এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলোয় থাকার অভ্যাসও ঘুমের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সহায়তা করে।
সিডিসির মতে, প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে অন্তত সাত ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ও ভালো মানের ঘুম শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, হৃদ্স্বাস্থ্য, বিপাকক্রিয়া, স্মৃতিশক্তি ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক পাওয়া গেছে।
তাই রাতে ঘুমানোর আগে ছোট ছোট কিছু অভ্যাসে পরিবর্তন আনাই হতে পারে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিয়মিত ঘুমের সমস্যা হলে কিংবা ঘুমের মধ্যে শ্বাস আটকে আসা, হাঁসফাঁস করা বা অতিরিক্ত নাক ডাকার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।






