378294

আত্মরক্ষা, সতর্কতা ও তাওয়াক্কুল: ইসলামের শিক্ষা

মানুষের জীবন মহান আল্লাহর দেওয়া অমূল্য আমানত। এ জীবন রক্ষা করা যেমন প্রত্যেক মানুষের দায়িত্ব, তেমনি বিপদ-আপদ থেকে নিজেকে ও অন্যকে নিরাপদ রাখাও ঈমানি দায়িত্ব। নিম্নে এ বিষয়ে সংক্ষেপে আলোকপাত করা হলো;

জীবন রক্ষায় ইসলামের গুরুত্ব: নিজের জীবন রক্ষা ও অন্যের জীবন বিপন্ন করা থেকে বিরত থাকা ইসলামের অন্যতম শিক্ষা। পবিত্র কোরআনে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় কর এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৯৫)

অন্য আয়াতে বলেন, ‘আর তোমরা নিজেরা নিজদেরকে হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু।’ (সুরা নিসা, আয়াত: ২৯)

এ নির্দেশনা শুধু আত্মহত্যা থেকে বিরত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজের জীবনকে অযথা ঝুঁকির মুখে না ফেলা এবং অন্যের জীবন বিপন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার শিক্ষাও দেয়।

হতাশা নয়, আল্লাহর রহমতের আশা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, প্রতিবছর বিশ্বে প্রায় সাত লাখ মানুষ আত্মহত্যার কারণে মারা যায়। যার পেছনে বেশির ভাগ ক্ষেত্রে জড়িত থাকে, বিষণ্নতা ও অন্যান্য মানসিক সমস্যার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক সংকট। এই সংকটগুলো মানুষের জীবনের অংশ। মানুষ নৈরাশ হয়ে গেলেই এ ধরনের ভুল সিদ্ধান্ত নেয়। অথচ মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের নৈরাশ হতে বারণ করেছেন।

তিনি বলেছেন, ‘বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।’ (সুরা যুমার, আয়াত: ৫৩)

তাই মুমিনের জন্য কোনো অবস্থাতেই নৈরাশ হওয়ার সুযোগ নেই। মুমিন সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা করবে এবং অন্য কারো মধ্যে এরকম প্রবণতা দেখলে তাকে আল্লাহর এই বিধানের ব্যাপারে সচেতন করবে।

তাওয়াক্কুলের সঙ্গে সতর্কতা: আল্লাহর ওপর ভরসা করার অর্থ সংকটের দিনে মন খারাপ করে হাত পা গুটিয়ে বসে থাকা নয় কিংবা অসতর্ক থাকা নয়। বরং ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর আল্লাহর ওপর নির্ভর করতে শেখায়। এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলেন, তুমি সেটা (উট) বেঁধে রেখে (আল্লাহ তাআলার উপর) ভরসা করবে।’ (তিরমিজি, হাদিস: ২৫১৭)

এ হাদিসে তাওয়াক্কুলের চমৎকার শিক্ষা রয়েছে। আগুন নেভানো, গ্যাসের সংযোগ বন্ধ করা, বাড়ির ছাদে নিরাপত্তাবেষ্টনী দেওয়া, পুকুর ও কূপের চারপাশে সুরক্ষাব্যবস্থা রাখা কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে সতর্ক থাকা-এসবই আল্লাহর দেওয়া জীবন রক্ষার উপায় অবলম্বন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখ। কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পার। আর ঘরের দরজা বন্ধ করবে। কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে, কমপক্ষে পাত্রগুলোর উপর কোন বস্তু আড়াআড়ি করে রেখে। আর (শয্যা গ্রহণের সময়) তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দেবে।’ (বুখারি, হাদিস: ৫৬২৩)

আধুনিক বিজ্ঞানও খাদ্যদূষণ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের সতর্কতার গুরুত্ব তুলে ধরে। জীবন ও সম্পদ রক্ষায় মহানবী (সা.)-এর এই হাদিসটির নিদের্শনা খুবই কার্যকর।

তাকওয়া ও মানুষের প্রতি দায়িত্ব: তাকওয়া মানুষকে বহু অকল্যাণ থেরে রক্ষা করে। নিজের ও অন্যের ক্ষতি করা থেকে বিরত রাখে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।’ (বুখারি, হাদিস: ১০)

এই হাদিস দ্বারা শুধু কাউকে মারধরা করা বা গালাগাল দেওয়া বোঝানো হয়নি। সড়কে বেপরোয়া গাড়ি চালানো, বিপজ্জনক স্থানে নিরাপত্তাব্যবস্থা না রাখা কিংবা অন্যের জীবন ঝুঁকিতে ফেলে এমন আচরণ করা তাকওয়ার পরিপন্থী। এর বিপরীতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিত্সা শেখাও গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি তাকে (একটি প্রাণ) রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’ (সুরা মায়িদা, আয়াত: ৩২)

মহান আল্লাহ আমাদের সবাইকে উক্ত নির্দেশনাগুলো মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

 

ad

পাঠকের মতামত