পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে এরদোগান, প্রতি’বাদ গ্রিসের
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত অঞ্চলে আবারও একটি অনুসন্ধান জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, রোববার রাতে গ্রিসের সঙ্গে জ্বালানি অধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের ওই কেন্দ্রস্থলে জাহাজ পাঠানোর পরিকল্পনার ঘোষণা দেয় তুরস্ক।
তুর্কি নৌবাহিনী জানিয়েছে, অরুক রিস নামের জাহাজটি সোমবার থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত গ্রিসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে। এই বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে হাইড্রোকার্বন সংস্থার সমীক্ষা পুনরায় শুরু করতে ওরুক রিস জাহাজটি সোমবার আন্টালিয়া বন্দর ত্যাগ করেছে।
এদিকে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবারের এই পদক্ষেপে বোঝা গেছে যে, আঙ্কারা অবিশ্বাস্য কাজ করেছে। দেশটি আসলেই কোনো সংলাপ চায় না।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা তুরস্ককে তাদের এই সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বান জানাই। তুরস্কের এই অনুসন্ধান মিশনকে আঞ্চলিক শান্তি ও সুরক্ষার প্রত্যক্ষ হুমকি হিসেবে বর্ণনা করেছে গ্রিস।






