সমুদ্রে সতর্ক সংকেত, হতে পারে ভূমিধস
বুধবারের (১৭ জুন) মতোই সারাদেশে আজ বৃহস্পতিবারও (১৮ জুন) বৃষ্টিপাতের পরিস্থিতি একই রকম থাকতে পারে। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী রোববার (২১ জুন) পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার ছাড়াও আর ৩ দিন থাকতে পারে। এদিকে উত্তর বঙ্গোপসাগরও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপরদিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীরসাগরে বিচরণ না করতে বলা হয়েছে। উল্লেখ্য, সাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা ও মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল বুধবার (১৭ জুন) থেকেই সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হচ্ছে।






