করোনা মোকাবেলায় সাহায্য করতে বাংলাদেশে চিকিৎসক সেনা দল পাঠাচ্ছে ভারত
নিউজ ডেস্ক।। বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। কয়েকটি ভাগে ভাগ করে ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানে এ দলটির সদস্য পাঠাবে দেশটি।নয়াদিল্লি বলেছে, মহামারী করোনাভাইরাসে সাহায্যের প্রতিশ্রুতি হিসেবে এসব দল পাঠানো হবে। খবর: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, ভোরের কাগজ
প্রইতিমধ্যে র্যাপিড রেসপন্স টিমের ১৪ সদস্যের একটি দলকে মালদ্বীপে পাঠানো হয়েছে।দ্বীপবেস্টিত দেশটিতে এ দলটি করোনার বিরুদ্ধে যুদ্ধে স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি করোনাভাইরাস পরীক্ষায় ল্যাবরেটরি বসাতে সহযোগিতা করবে।
এ মাসের শুরুতে সেনাবাহিনী থেকে স্বাস্থ্যসেবা কর্মীদের সমন্বয়ে ভারত ১৫ সদস্যের একটি দল কুয়েত পাঠিয়েছে। দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতার অংশ হিসেবে ওই দলটিকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দিল্লি। এর তিন সপ্তাহ আগে করোনা সংকটে ভারত ১০ টনের একটি জীবন রক্ষাকারী ওষুধের চালান শ্রীলংকায় পাঠিয়েছে।
ভারত তার প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করছে।এ বৈশ্বিক সংকট মোকাবেলায় একটি সাধারণ পরিকাঠামোতে এগিয়ে যেতে নয়া দিল্লি মুখ্য ভূমিকা পালন করছে। এর আগে ১৫ মার্চ সার্কের বৈঠকে ভিডিও কনফারেন্সে করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ওই সময় কোভিড-১৯ মোকাবেলায় সার্কভূক্ত দেশগুলোর জন্য জরুরি তহবিল গঠন করারও প্রস্তাব দেন মোদি।
ভারত ৫৫টি দেশে ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র ও সেশিলসে ইতিমধ্যেই এ ওষুধটি পাঠানো হয়েছে।ভারত করোনাভাইরাস প্রতিরোধে ম্যালেরিয়াবিরোধী এই ওষুধটি সম্ভাব্য চিকিৎসা হিসেবে ব্যবহার করছে।




