নারীর এক হাঁচিতেই নষ্ট হলো ৩০ লাখ টাকার খাবার!
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের একটি সুপার মার্কেটে গিয়ে খাদ্যদ্রব্যের ওপর হাঁচি দেওয়ায় প্রায় ৩০ লাখ টাকা (৩৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ২৯ লাখ ৬৯ হাজার ৮৩২) মূল্যের খাবার ফেলে দিয়েছে মার্কেট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের হ্যানোভারের গ্রেইটিস নামের একটি সুপার মার্কেটে। গত বুধবার মার্গারেট ক্রিকো নামে ৩৫ বছর বয়সী এক নারী ওই সুপার মার্কেটে যান। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত জানার পরও ইচ্ছাকৃতভাবে ওই সুপার মার্কেটে গিয়ে খাদ্যদ্রব্যের ওপর হাঁচি দেন।
গ্রেইটিসের সহমালিক জো ফাসুলা ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানান, আজকের দিনটি খুবই চ্যালেঞ্জিং ছিল। আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে হ্যানোভারের একটি স্টোর থেকে একজন ম্যানেজার আমাকে ফোন করে জানিয়েছে, এক নারী স্টোরে ঢুকে ইচ্ছাকৃতভাবে খাদ্যদ্রব্যের ওপর হাঁচি দিতে থাকে। এই ঘটনার পর ওই নারীকে পুলিশে দেওয়া হয়েছে এবং তার সংস্পর্শে আসা সম্ভাব্য সকল দ্রব্য সরিয়ে ফেলা হয়েছে।
ওই ফেসবুক স্ট্যাটাসে জো ফাসুলা লেখেন, ‘যদিও খাবার নষ্ট হওয়া সর্বদাই লজ্জাজনক। এই সময়ে যখন আমাদের খাদ্য সরবরাহের সুরক্ষার জন্য অনেক লোক চিন্তিত থাকে, তখন এটি আরও বিরক্তিকর।’ এ বিষয়ে বুধবার রাতে হ্যানোভার টাউনশিপ পুলিশ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইচ্ছাকৃতভাবে কাশি ও থুতু ফেলে মুদি জিনিসপত্র দূষিত করার জন্য মার্গারেট ক্রিকোকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যসূত্র : ভাইস.কম




