311187

চীনের আরও এক শহর ‘অবরুদ্ধ’

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চীনের আরও একটি শহরকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দেশটির ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝৌ শহরকে অবরুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঝেজিয়াং শহরটি করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে প্রায় আটশ কিলোমিটার দূরে অবস্থিত।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ওয়েনঝৌতে অন্তত ৯০ লাখ মানুষের বসবাস। উহানকে অবরুদ্ধ ঘোষণার ১০ দিন পর এ শহরটিকেও অবরুদ্ধ ঘোষণা করা হলো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়েনঝৌ শহরের ৪৬টি মহাসড়কের টোল স্টেশন বন্ধ থাকবে। এ ছাড়া শহরটিতে বসবাসরত প্রতি পরিবারের একজন দুই দিনে একবার বাজারে যাওয়ার সুযোগ পাবেন। এর আগেই অবশ্য শহরটির সব সিনেমা হল, যাদুঘর বন্ধ ঘোষণা করা হয়। ওই শহরের সবধরনের গণপরিবহনও বন্ধ রয়েছে।

ঝেজিয়াং প্রদেশে এখন পর্যন্ত ৬৬১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ওয়েনঝৌ শহরেই রয়েছে ২৬৫ জন। করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল হুবেইয়ের পর ঝেজিয়াংই সর্বোচ্চ সংক্রমিত প্রদেশ।

রোববার পর্যন্ত চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৩৬১ জন। গতকাল মারা যাওয়া ৫৭ জনের মধ্যে একজন বাদে সবাই হুবেই প্রদেশের। সেখানে এ পর্যন্ত মারা গেছেন অন্তত সাড়ে তিনশ জন।

চীন ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোতে নতুন করে ১৭১ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ২৪টি দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।

ad

পাঠকের মতামত