307934

‘‌‌দাড়ি টেনে ছিঁড়ে দেব’, মুসলিম সাংবাদিককে উত্তর প্রদেশের পুলিশ

ভারতে বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে।ভারতের ‘‌দ্য হিন্দু’ সংবাদপত্রের লক্ষ্ণৌর মুসলিম সাংবাদিক ওমর রাশিদকে আটক করে দেশটির উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্য বলেছে ‘‌‌দাড়ি টেনে ছিঁড়ে দেব’‌। ছাড়া পাওয়ার পর বেরিয়ে এসে সংবাদমাধ্যমে একথা জানান তিনি।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে করা বিক্ষোভের ছবি তুলতে গেলে ওই সাংবাদিককে গ্রেফতার করে লক্ষ্ণৌ পুলিশ।

ওমর সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌আমি ও আমার এক বন্ধু রেস্তোরায় বসে কাজ করছিলাম। সেই সময়ে ওই রেস্তোরায় সাধারণ পোশাকে কয়েকজন লোক ঢুকে আমাদের জেরা করতে শুরু করে। আমি বলেছিলাম, আমি একজন সাংবাদিক। তবুও আমায় এবং আমার বন্ধুকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হল।

আমাদের একটা ঘরে আটকে রাখা হয়েছিল। আমাদের সব জিনিসপত্র কেড়ে নেওয়া হয়েছিল। আমার বন্ধুকে বেধড়ক মারে পুলিশ। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হয়।সেই সময়ে আমায় এক পুলিশ কর্মকর্তা বলেন, যে আমার দাড়ি টেনে ছিঁড়ে দেবে।’

সাংবাদিককে আটকের খবর ছড়িয়ে পড়তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তরে ফোন যায়। বিষয়টি জানানো হয় উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং–কে। তারপরই চাপে পড়ে বাধ্য হয়ে সাংবাদিক ওমর রাশিদকে ছেড়ে দেয় পুলিশ।

সূত্র: আজকাল

ad

পাঠকের মতামত