বিক্ষোভে উত্তাল ভারত, বিজেপি শাষিত উত্তর প্রদেশে নিহত ১৪
নাগরিকত্ব আইন নিয়ে অগ্নিগর্ভ ভারত। বিজেপি শাষিত উত্তর প্রদেশে এ পর্যন্ত পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে ১৪ জন। আটক করা হয়েছে কয়েকশ, তবে মুক্তি দেয়া হয়েছে দিল্লিতে আটক ৮ কিশোরকে। এদিকে, আরজেডি দলের ডাকে বিহারে চলছে হরতাল। উত্তরপ্রদেশের বেশিরভাগ শহরসহ ১৪৪ ধারা জারি রয়েছে বিভ্ন্নি রাজ্যে। পরিস্থিতি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পশ্চিমবঙ্গের পর বাম শাষিত কেরালায় বন্ধ করে দেয়া হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিষ্টারের কার্যক্রম। রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে কংগ্রেস। আর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মন্তব্য, মানুষের প্রতিবাদের অধিকারকে সম্মান করে না বিজেপি। এদিকে, ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনের সবকটি বুথ ফেরত জরিপ বলছে, বড় ব্যবধানে হারতে চলছে বিজেপি।
ভারতে গত ১২ ডিসেম্বর কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)। এতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে ভারতজুড়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। বিক্ষোভের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উত্তর প্রদেশ।




