গামছা দিয়ে মুখ বেঁধে শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে যাওয়া চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (৯) গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনার অভিযুক্ত ধর্ষক জামাল মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। জামাল একই এলাকার ভূইয়া বাড়ির সিরাজ মিয়ার ছেলে। সে পেশায় একজন সবজি ব্যবসায়ী। ওই শিশু শিক্ষার্থীর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতার মা বলেন, মঙ্গলবার দুপুর একটার দিকে আমার মেয়ে বাড়ির পাশের চা বাগানে চা পাতা তুলতে যায়। এ সময় একই এলাকার জামাল মিয়া তার মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় ধর্ষক জামাল মিয়াকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মহসীন বলেন, আমাদের এখানে ফরেনসিক বিভাগ নেই। তাই আমরা মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসাপাতালে পাঠিয়েছি। শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনে সাথে সাথেই হাসপাতালে ফোর্স পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি।




