সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সুবীর নন্দীকে
বিনোদন প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। আগামীকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, পয়লা বৈশাখের রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। এ সময় দ্রুত তাকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ৪০ বছরের সংগীত ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। তার প্রথম একক অ্যালবাম ‘সুবীর নন্দীর গান’ প্রকাশিত হয় ১৯৮১ সালে। আর ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ছবিতে প্রথম গান করেন বরেণ্য এই শিল্পী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার। সংগীতে অবদানের জন্য এ বছর পেয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক।




