সংবাদ সম্মেলন ডেকে যা বললেন রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া তার গ্রামের বাড়িতে পুলিশের তল্লাশির ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন।বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেছেন, আমি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম। বিকাল ৫টার সময় একদল পুলিশ আমার বাসায় কোনো ধরনের উসকানি ছাড়াই হঠাৎ হামলা চালিয়ে ভাঙচুর করে। আমার বাসার গেটের তালা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী খবর পেয়ে শত শত লোক আসলে পুলিশ চলে যায়।
রেজা কিবরিয়া বলেন, সন্ধ্যায় আমি আমার নির্বাচনী এলাকা হাওর অঞ্চল কাজির বাজার নামক স্থানে আসলে আমার গাড়ি গতিরোধ করে পোশাকধারী ও পোশাকছাড়া পুলিশ। এ সময় তারা আমার গাড়িবহর থেকে ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়। এদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকিদের কোনো মামলা ছাড়াই গ্রেফতার করেছে। পুলিশ আমার কোনো প্রচারণা করতে দেবে না- এটাই তাদের মূল উদ্দেশ্য।তিনি বলেন, আমি বিষয়টি পুলিশের ডিআইজি সিলেটসহ নির্বাচন কমিশনকে জানিয়েছি। সরকারকে নির্বাচন কমিশন বলুক আমরা ভোট ছাড়া নির্বাচন চাই, বাংলাদেশে একটি পোষা বিরোধী দল হবে আমাদেরকে বলুক। সরকার আমাদেরকে বলুক যে, বাংলাদেশে প্রতিযোগিতামূলক বিরোধী দল চাই না।
এক প্রশ্নের জবাবে কিবরিয়াপুত্র বলেন, যতই বাধা আসুক তাদের নির্যাতনে আমাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে।আমি জানি নির্বাচন সুষ্ঠু হবে না। তবুও জানি ৫০ শতাংশ সুষ্ঠু হলেই আমি পাস করব। নগ্ন কারচুপি, টেবিল কাস্ট করেও আওয়ামী লীগের জিতা সম্ভব নয় বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ঐক্যফ্রন্ট প্রার্থী রেজা কিবরিয়া।




