240259

মৃত্যুর ৬ দিন পর আসছে আমজাদ হোসেনের মরদেহ

বিনোদন ডেস্ক::অবশেষে ব্যাংকক থেকে দেশে আসছে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ। প্রায় ৬৫ লাখ টাকা খরচের কারণে মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তায় ছিল তার পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাটলো সব অনিশ্চয়তা। আগামী ২১ ডিসেম্বর শুক্রবার আমজাদ হোসেনকে নিয়ে ঢাকায় পৌঁছাবেন তার ছোট ছেলে সোহেল আরমান।এই তথ্য নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। বুধবার রাতে তিনি সাংবাদিকদের জানান, ১৪ ডিসেম্বর বাবা ব্যাংককের হাসপাতালে মারা যান। সেখানে তার চিকিৎসার ব্যয় প্রায় ৬৫ লাখ টাকার মতো ছিল। যা আমাদের পক্ষে দেয়া সম্ভব হচ্ছিল না। প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ব্যাপারটি জানতে পেরেছেন। তিনি সব দায়িত্ব নিয়েছেন। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানে বাবাকে নিয়ে আসা হবে।

দোদুল আরো জানান, প্রধানমন্ত্রী একজন শিল্পীর প্রতি যে মমতা দেখালেন তার বিপরীতে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। তিনি প্রমাণ করেছেন ১৬ কোটি মানুষের নেত্রী তিনি। দল, আদর্শের চেয়ে মানুষের সেবা, শিল্পীর সম্মান তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার পরিবার তার কাছে চিরদিন ঋণী।প্রসঙ্গত, ঢাকার পর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।পরদিন শনিবার সোহেল আরমান ব্যাংকক থেকে গণমাধ্যমে জানান, সাপ্তাহিক ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে। তাই প্রশাসনিক কার্যক্রম শেষ করে বাবার মরদেহ নিয়ে সোমবার সকালে ঢাকায় ফিরতে পারবেন। এর পরদিন আবার তিনি জানান, অর্থের জোগাড় না হওয়ায় বাবাকে নিয়ে দেশে ফিরতে পারছেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য বরেণ্য পরিচালক আমজাদ হোসেনকে ২৭ নভেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সে সময় আমজাদ হোসেনের পরিবারের হাতে প্রধানমন্ত্রী চিকিৎসার খরচ বাবদ ৪২ লাখ (এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া ২২ লাখ ও চিকিৎসায় ২০ লাখ) টাকা অনুদান দেন।সোহেল আরমানের তথ্যমতে, প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের বাইরেও ১৬ দিনে তারা বাবার চিকিৎসা বাবদ খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় ৬১ লাখ টাকা। পরে যে অর্থের জন্য মরদেহ দেশে আনতে জটিলতা দেখা দিয়েছিলো সেটিরও দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ১৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয় আমজাদ হোসেনকে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। শুরু থেকেই তাকে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়। বাংলাদেশের বরেণ্য এই নির্মাতার শারীরিক অসুস্থতার খবর শুনে হাসপাতালে ভর্তির তিন দিনের মাথায় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা পরিবারের হাতে তুলে দেন তিনি।১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্ম করেন আমজাদ হোসেন। এই চলচ্চিত্র ব্যক্তিত্ব একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন।আমজাদ হোসেন ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে চলচ্চিত্র শুরু করেন তিনি। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘আগুন নিয়ে খেলা’ ১৯৬৭ সালে মুক্তি পায়। পরিচালক হিসেবে ‘নয়নমনি’ (১৯৭৬), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ভাত দে (১৯৮৪) তার উল্লেখযোগ্য চলচ্চিত্র।

‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। ১৯৭৬ সালে ‘নয়নমনি’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন তিনটি জাতীয় পুরস্কার। তার হাতে ওঠে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ প্রযোজক আর শ্রেষ্ঠ পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। আমজাদ হোসেনের দুই পুত্র নাট্যনির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল ও অভিনেতা-নির্মাতা সোহেল আরমান।

ad

পাঠকের মতামত