নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির হুশিয়ারি
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে বৃহত্তর কর্মসূচির হুশিয়ারি দিয়েছে বিএনপি।শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষা করতে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে, সংবিধানকে সমুন্নত রাখতে এবং খালেদা জিয়াসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্ত করার জন্য ঐক্যফ্রন্টের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে।’কিন্তু দুঃখজনকভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পর এখনও প্রতিদিন বেআইনিভাবে গায়েবি মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি প্রার্থী হয়েছেন যারা তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড কোনোভাবেই হবে না বলে মন্তব্য করেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ফখরুল।
তিনি বলেন, অবিলম্বে নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করা হোক। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দেয়া হোক, মামলা প্রত্যাহার করা হোক। তা না হলে এ নির্বাচন জনগণের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করব, ড. কামাল হোসেনের এ সংবাদ সম্মেলনের পর গ্রেফতার বন্ধ হবে। অন্যথায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করার জন্য এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।’সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, ড. রেজা কিবরিয়া প্রমুখ।




