377660

বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারি করার জন্য আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় সতীর্থ নাহুয়েল মোলিনাকে নিষিদ্ধ করা হয়েছে ৭ ম্যাচের জন্য। শুক্রবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরই মাঠে শুরু হয় সংক্ষিপ্ত সময়ের হাতাহাতি। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বদলি খেলোয়াড়রা শিরোপা জয়ের উল্লাসে মাঠে ঢুকে পড়লে স্পেনের গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস। এ ঘটনায় পারেদেসের বিরুদ্ধে তিনটি এবং মোলিনার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগ আনা হয়েছিল।

নিষেধাজ্ঞার পাশাপাশি দু’জনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে জড়িত আর্জেন্টিনার কোচ রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য।

এ ঘটনায় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসদাচরণের একটি করে অভিযোগ আনা হয়। দু’জনকেই এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে হামলার একটি অভিযোগ আনা হয়।

বিশ্বকাপে একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এর মধ্যে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের প্রদর্শন করা একটি ব্যানারও রয়েছে। ব্যানারটিতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

এছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি ঘরের ম্যাচে দর্শকসংখ্যা স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা জানিয়েছে, কোনো ক্রীড়া আয়োজনকে ক্রীড়াবহির্ভূত রাজনৈতিক বা অন্য কোনো প্রদর্শনের জন্য ব্যবহার করা সংস্থাটির শৃঙ্খলাবিধির লঙ্ঘন। বিশ্বকাপ চলাকালে এমন প্রদর্শনের পাশাপাশি দলীয় অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণেও শাস্তি দেওয়া হয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।

তবে শাস্তির পুরোটা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফিফা জানিয়েছে, দুই ম্যাচের একটি এবং জরিমানার ১ লাখ ডলারের শাস্তি স্থগিত রাখা হয়েছে এবং এর ক্ষেত্রে একটি পরীক্ষামূলক মেয়াদ প্রযোজ্য হবে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের।

 

ad

পাঠকের মতামত