ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, ২ পুলিশসহ গ্রেপ্তার ৪
নিউজ ডেস্ক।। রাজধানীর শান্তিনগরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার পল্টন থানা পুলিশ গ্রেপ্তার করে তাদের। গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন- সূত্রাপুর থানার এসআই রহমত উল্লাহ এবং এএসআই রফিকুল ইসলাম। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্য দু’জন হলেন ফরহাদ হোসেন ও হাসিব হাসান।
পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান সমকালকে বলেন, বিষয়টি তদন্ত করছি। পুঙ্খানুপঙ্খ তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয়।
খোঁজ নিয়ে জানা যায়, নাজমুল হক সমুন নামে শান্তিনগরের একজন বাসিন্দা রোববার পল্টন থানায় একটি মামলা করেন। এজাহারে দুইজনকে এজাহার নামীয় আসামি করা হয়। তারা হলেন-ফরহাদ হোসেন ও হাসিব হাসান। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় দুজনকে। তারা ডিবি পরিচয় দিয়েছিলেন নাজমুলের কাছে।
এজাহারে বলা হয়- আসামি ফরহাদ ও হাসিব বাদি নাজমুলের পুর্বপরিচিত। ১৪ জুন রাতে তার শান্তিনগরের বাসায় দুই ব্যক্তি গিয়ে ডিবি পুলিশ পরিচয় দেন। এক পর্যায়ে তারা বাসার আসবাবপত্র ওলট পালট করতে থাকেন। তাদের একজন পকেট থেকে ইয়াবা ট্যাবলেট টেবিলে রেখে বলেন, নাজমুল ইয়াবার ব্যবসা করেন এবং আইনগত ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়। মামলা থেকে বাঁচতে টাকা দাবি করেন তারা। ভয়ে ঘরে থাকা ৫৫ হাজার টাকা তাদের হাতে তুলে দেন তিনি।
এরপরই তাদের একজন ফোন করে ফরহাদকে ডাকেন সেখানে। ঘটনার দুদিন পর হাসিব হাসানকে নিয়ে ওই বাসায় আসেন ফরহাদ। ডিবি পরিচয় দেওয়া ওই দুইজনকে আরও টাকা দেওয়ার জন্য চাপ দেন তারা। পরে নাজমুল জানতে পারেন, টাকা আদায় করতে ফরহাদ ও হাসিব হাসান মিলে পুলিশ সদস্য পরিচয়দানকারী দুজনকে নিয়ে নাটক সাজিয়েছেন।
মামলার পর প্রথমে ফরহাদ ও হাসিবকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে দুই পুলিশ সদস্যর নাম বেরিয়ে আসে। পরে এসআই রহমত উল্লাহ এবং এএসআই রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উৎস: সমকাল।




