316911

হাসপাতাল ছেড়েছেন বরিস জনসন

ডেস্ক রিপোর্ট।। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেও কাজে ফিরতে কিছু দিন দেরি হবে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বরিস জনসন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। ডাউনি স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পেলেও তার সুস্থ হওয়ার প্রক্রিয়া চলমান থাকবে। চিকিৎসকের পরামর্শ অনুসারে এখনই কাজে ফিরতে পারবেন না।

এর আগে ৯ এপ্রিল নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল থেকে সেন্ট টমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিস জনসন। এর মধ্যে গত ৬ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

বৃটিশ প্রধানমন্ত্রী গত ২৭ মার্চ এক টুইট বার্তায় তার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। ওই টুইটে তিনি জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে মৃদু উপসর্গ দেখা গেছে। কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। করোনা শনাক্ত হওয়ার পরও সরকারি কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করেছিলেন। তবে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ad

পাঠকের মতামত