বাংলাদেশকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ দিচ্ছে ভারত
নিউজ ডেস্ক।। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বন্ধুপ্রতিম দেশ নেপাল, ভুটান, আফগানিস্তানকে করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার ওষুধ ‘হাইড্রোঅক্সিক্লোরোকুইন বা এইচসিকিউ’ দেবে ভারত। গতকাল এক খবরে ইকোনমিক টাইমস জানিয়েছে, গত বুধবার সার্কের বাণিজ্য কর্মকর্তাদের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক হয়।
সেখানেই করোনা চিকিৎসায় অনেক দেশে ব্যবহৃত প্যারাসিটামল ও হাইড্রোক্সিক্লোরোকুইন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায় ভারত। পরে বৃহস্পতিবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, এরই মধ্যে ১০ টন এইচসিকিউ নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান শ্রীলংকা পৌঁছেছে।
এতে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, নেপাল, মিয়ানমারসহ আরও কয়েকটি দেশের জন্য ওষুধ পাঠানো হয়েছে। এর আগে করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইসরায়েলসহ ২৫টি দেশে এ ওষুধ রপ্তানির ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ম্যালেরিয়া ও বিভিন্ন গাঁটের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত ‘এইচসিকিউ’ ওষুধের চাহিদা বিশ্বজুড়েই এখন তুঙ্গে। মার্কিনসহ অনেক দেশের চিকিৎসকরাই বলছেন, এ ওষুধ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় বেশ কার্যকর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, তারা সম্ভাবনাময় যে চার ধরনের ওষুধ নিয়ে গবেষণা চালাচ্ছে তার মধ্যে ক্লোরোকুইন অন্যতম। বিশ্বজুড়েই ভারত এই ওষুধের অন্যতম জোগানদার। দেশটি বিভিন্ন দেশে বছরে অন্তত ৫ কোটি ডলারের এই ওষুধ রপ্তানি করে।
তবে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চলতি মাসের প্রথম দিকে ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কথা বলে এইচসিকিউ ও প্যারাসিটামল ট্যাবলেট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থার হুমকি দিলে ভারত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাধ্য হয়। উৎস: দৈনিক আমাদের সময়।




