সৌদিফেরত নারীর কাণ্ড!
নিউজ ডেস্ক।। হোম কোয়ারেন্টিন না মেনে সৌদি আরবফেরত নারী অবাধে ঘোরাফেরা করছিলেন। এলাকার লোকজন বিষয়টির প্রতিবাদ করায় ওই নারীর স্বজনরা তিনজনকে মারধর করেছেন। গতকাল রোববার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের যুগিডাঙ্গরী গ্রামে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, নাসিমা বেগম নামে এক নারী গত দুই দিন আগে নিজ গ্রামে আসেন। জ্বর সর্দি অবস্থায় তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বললেও তিনি কোনোভাবেই তা মানছিলেন না।
সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, এলাকা থেকে প্রশাসনের কাছে খবর গেলে তাকে নির্দেশ দেওয়া হয় ঘটনাটি সরেজমিনে গিয়ে দেখে ইউএনও কার্যালয়ে জানানোর জন্য। তিনি ওই নারী অবাধে ঘোরাফেরা করছেন এ সত্যতা পেয়ে ঘটনাটি নির্বাহী কার্যালয়ে অবহিত করেন। সেখান থেকে লোকজন এসে ওই নারীর পরিবারকে সর্তক করে দিয়ে যায়। তাতেও কোনো কাজ না হওয়ায় রোববার বিকেলে সাড়ে চারটার দিকে এলাকার লোকজন ওই নারীকে ঘরে ফেরত যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হন ওই নারীর চাচা জসিম উদ্দিন। এ ঘটনার প্রতিবাদকারী এলাকার রুহুল আমীন,আবু হানিফ ও আব্দুর রশিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে পরিবারের লোকজন ওই তিনজনকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা জানান, আগের সংঘর্ষের প্রায় ২০ মিনিট পরেই মোটরসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যান প্রতিবাদ করা লোকজনের একজন। সেখানেও হামলা চালান ওই নারীর চাচাতো ভাই বাচ্চু মিয়া ও সুবায়েদ নামে দুই যুবক। তারা মোটরসাইকেলটি ভেঙে ফেলেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, এটা তেমর কোনো ঘটনা না। পরিস্থিতি স্বাভাবিক আছে।




