এবার সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট বন্ধ
নিউজ ডেস্ক।। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় এবার সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ। আগামী শনিবার থেকে বিমানের কোনো ফ্লাইট ঢাকা-সিঙ্গাপুর রুটে চলাচল করবে না। আজ বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।
এর আগে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত সংযুক্ত আবর আমিরাতের দুবাই ও আবুধাবিতে ফ্লাইট বন্ধ রাখার কথা জানায় বিমান কর্তৃপক্ষ। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকাসহ বিশ্বের ৫৫টি গন্তব্যের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আরব আমিরাত।




