এখন আর নমস্কার বা সালাম, হ্যান্ডশেক নয় : সালমান খান
বিনোদন ডেস্কঃ এখন কারো সাথে দেখা হলেই তার সঙ্গে করমর্দন নয়, বরঞ্চ নমস্তে জনাব নমস্কার বা সালাম জানান। যখন করোনাভাইরাসের সংক্রমণ শেষ হয়ে যাবে তখন ফের হ্যান্ডশেক বা করমর্দন করা যাবে। এমনটাই জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। আজ সকালে একটি ছবি পোস্ট করেছেন সালমান খান। যেখানে তাকে নমস্কার করার চিরাচরিত নিয়মের ভঙ্গি করে থাকতে দেখা যায়।
করোনাভাইরাস বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম। বিশ্বের ৬৩ টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীন থেকে সংক্রমিত হওয়া এই ভাইরাস ভারতেও ঢুকে পড়েছে। এমনই সময় ভক্তদের প্রতি সালমান খান সতর্কতা জানালেন।
বলিউডে এই জনপ্রিয় নায়ক বলেন, ‘সারা বিশ্বে যতদিন না পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাচ্ছে, ততদিন কেউ একে অপরের সঙ্গে হাত মেলাবেন না। একে অন্যকে নমস্কার জানান। ভারতীয় সংস্কৃতিতে নমস্কার এবং সালাম জানানোর রীতি রয়েছে।’
সালমান খান আরও বলেন, ‘ভারতে হাত মেলানোর কোনও রীতি নেই। তাই ওই রীতি মানার কোনও যুক্তিও নেই। করোনা সংক্রমণ রোধ করার পর তবেই একে অন্যের সঙ্গে হাত মেলান।’
করোনা সচেতনতায় নেমেছেন বলিউডের আরও অনেক তারকা। এর আগে অনুপম খেরও এই বার্তা দেন। বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের জানান, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে বর্তমানে হাতে হাত মেলানো নয়, নমস্কার জানিয়ে একে অন্যকে অভিবাদন জানান।




