313061

১৩ হাজার ফোনেও সাড়া দেয়নি দিল্লি পুলিশ

ভারতের রাজধানী দিল্লিতে চার দিনের সাম্প্রদায়িক সংঘর্ষে ১৩ হাজার ২০০টি ফোন কল এসেছে স্থানীয় পুলিশের কাছে। তবে এত ফোন কল পেয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে নতুন করে অভিযোগ উঠেছে। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের কল লগ খতিয়ে দেখে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি।

ফোন কলের মাধ্যমে কোথাও গুলি, কোথাও গাড়ি পোড়ানো আবার কোথাও নির্বিচারে মানুষ হত্যা, হামলা ও নির্যাতনের বিষয়ে জানানো হয়েছিল পুলিশকে। তবে অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি দিল্লি পুলিশ। সংঘর্ষ চলাকালীন পুলিশের এমন ভূমিকার সমালোচনা করছেন অনেকেই।

পুলিশের কল লগে দেখা যায়, গত রোববার বিক্ষোভের প্রথম দিন সন্ধ্যায় ৭০০ ফোন কল যায় পুলিশের কাছে। পরদিন ২৪ ফেব্রুয়ারি যায় সাড়ে ৩ হাজার ৫০০ এবং ২৫ ফেব্রুয়ারি সাড়ে ৭ হাজার ৫০০ ফোন পায় পুলিশ। সহিংসতার শেষদিন ২৬ ফেব্রুয়ারি দেড় হাজার ফোন কল যায় পুলিশের কাছে।

ভজনপুরা থানার আট পাতার কল রেজিস্টার থেকে দেখা যায়, যমুনা বিহার থেকেই ওই থানায় ২৪-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ থেকে সাড়ে ৩ হাজার ফোন আসে। কী অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার জন্য রেজিস্টারে আলাদা আলাদা কলাম রয়েছে। শুধু কোথা থেকে ফোন এসেছিল, কী অভিযোগ তা-ই লেখা রয়েছে ওই খাতায়। অর্থাৎ অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলেই সেখানে তা উল্লেখ নেই।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের বিষয়ে জানাতে পুলিশকে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে ফোন কল রিসিভও হয়নি। আবার অনেকে জানান, ফোন কল ধরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এমনকি স্পটেই আসেনি পুলিশ কর্মকর্তারা।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

ad

পাঠকের মতামত