বিয়ে বাড়ি ও গণপরিবহনে চুরিই ছিল তাদের পেশা
বিয়েবাড়ি ও গণপরিবহণে চুরি করে বেড়ানো একটি সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানির উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার রেজাউল হক।
এর আগে, গতকাল বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা, রুপগঞ্জের নোয়াপাড়া ও ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব। এ সময় চোরাইকৃত পাঁচটি স্মার্টফোন, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি অত্যাধুনিক ল্যাপটপ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শাহজালাল শাংখা (৩৫), আল কাদির জিলানী (১৯), সাদ্দাম (২৪), আরিফুল ইসলাম মিঠু (২৮), নূর উদ্দিন বাবু (২৯), সুজন (২৩), মো. শাহিন মিয়া (৪০)।
র্যাব-১১’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার জানান, এই চোর চক্রের সদস্যরা ছদ্মবেশে বিয়ে বাড়িতে প্রবেশ করে সুবিধাজনক সময়ে স্বর্ণালংকার, স্মার্টফোনসহ বিভিন্ন সামগ্রী চুরি করে আসছিল। বিয়ে বাড়িতে তাদের অন্যতম লক্ষ্য ছিল শিশু ও কিশোরী। বিয়েবাড়ি থেকে চুরি করার পরপরই পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে বাড়ির বাইরে অবস্থানরত তাদের দলের অন্যান্য সদস্যের কাছে হস্তান্তর করত, যেন মূল চোর ধরা না পড়ে।
রেজাউল হক আরও জানান, এ ছাড়া দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীর গণপরিবহনে সাধারণ যাত্রী বেশে স্বর্ণালংকার, স্মার্টফোন, ল্যাপটপ, নগদ টাকা ইত্যাদি চুরি করে আসছিল।




