311146

চাচির হাত ভাঙলো ভাতিজা, আতঙ্কে চাচার মৃত্যু!

যশোরের চৌগাছায় ছাগলে জিলাপি খাওয়ায় পিটিয়ে চাচির হাত ভেঙে দিয়েছে ভাতিজা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্ট্রোক করে মারা গেছেন চাচা। মারা যাওয়া আজগর আলী উপজেলার পাশাপোল ইউপির পাশাপোল গ্রামের রজব আলীর ছেলে।

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলেও রোববার সকালে লাশ দাফনের সময় বিষয়টি প্রকাশ পায়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে ছাগলে জিলাপি খাওয়াকে কেন্দ্র করে ভাতিজা তপন তার স্ত্রীকে মারধর করলে স্ত্রীর হাতে চোট লাগে। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, এসপি স্যারের সঙ্গে পরামর্শ করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।

পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ভাতিজা মারপিট করে চাচির হাত ভেঙে দেয়ায় গ্রামের লোকজন সালিশ-মিমাংসা করা হয়। আহত চাচির পরিবারটি খুবই গরিব ও অসচ্ছল হওয়ায় অসুস্থ চাচির চিকিৎসার জন্য একলাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু বিষয়টি বিভিন্ন মাধ্যমে এসপি পর্যন্ত গড়ায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

আজগর আলীর স্ত্রী চায়না বেগম বলেন, শনিবার বিকেলে গ্রামের একটি মিলাদ মাহফিল থেকে জিলাপি এনে রাখে তার ভাসুর মোজাফর রহমানের ছোট ছেলে তপন। এরপর কোনো এক সময় তাদের একটি ছাগল ওই জিলাপি খেয়ে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাত ৮টার দিকে তপন আমাদের ঘরে এসে আমাকে মারপিট করে।

তিনি হাতে ব্যান্ডেজ দেখিয়ে বলেন, এ সময় আমি হাতে আঘাত পাই। এ সময় আমার স্বামী আমাকে ঠেকাতে গিয়ে পড়ে যায়। এরপর তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, আমার স্বামী প্রায় ৮ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার লিভারেও পানি জমে গিয়েছে বলে ডাক্তাররা বলেছেন।

আজগর আলীর ছেলে তরিকুল ইসলাম প্রথমে বলেন, ঘটনার সময় আমি গ্রামের একটি ওয়াজ মাহফিলে ছিলাম। লোকজন বলছে আপনি ওই সময় দৌড়ে পালিয়ে গিয়েছিলেন প্রশ্নে তিনি বলেন, আমি ঘরের মধ্যে ছিলাম। তাহলে রক্ষা করতে আসেননি কেন প্রশ্নের জবাবে বলেন, আমি অন্য ঘরে থাকি বের হয়ে আসতে আসতেই এ ঘটনা ঘটে গেছে।

ad

পাঠকের মতামত