310256

মুখ দিয়ে ছবি এঁকে সংসার চালায় আফগান প্রতিবন্ধী তরুণী

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ দিয়ে অঙ্কন করা ছবি বিক্রি করে সংসার চালায় রুবাবা মুহাম্মাদী (২০) নামে আফগানিস্তানের এক প্রতিবন্ধী তরুণী। হাত পায়ে শক্তি না থাকায় মুখের দ্বারা ছবি আঁকে রুবাবা। আর সেই ছবি বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করেন।

রুবাবার প্রাতিষ্ঠানিক কোন পড়াশোনা নেই। শৈশবকাল থেকেই তিনি ছবি আঁকেন। এ পর্যন্ত ২৫০ টি ছবি এঁকেছেন তিনি। শুধু তাই নয়, নিজ বাড়িতে প্রতিবন্ধীসহ প্রায় ২৫ জন শিক্ষার্থীকে নিয়মিত চিত্রাঙ্কনের উপর পাঠদান করেন এই প্রতিবন্ধী তরুণী।

আনাদোলু এজেন্সিকে রুবাবা বলেন, আমি টেলিভিশনে একটি গোলাপ ফুল দেখে ছবি আঁকার অনুপ্রেরণা পেয়েছিলাম। অংকনের ক্ষেত্রে আমার পঙ্গুত্ব কোন বাধা নয়।

তিনি আরও বলেন, আমার মতো প্রতিবন্ধী লোকদের কখনই নিরাশ হওয়া উচিত নয়। ইচ্ছেশক্তি ও মনের জোর থাকলে আমাদের মতোরা কিছু একটা করে দেখাতে পারে।

তুরস্কের প্রতি তার ভালবাসা প্রকাশ করে রুবাবা বলোন, আমার সবচেয়ে বড় স্বপ্ন তুরস্কে বসতি স্থাপন করা এবং একটি চিত্র প্রদর্শনী খোলা।

তার অংকিত একটি ছবিতে ২০১৬ সালের ১৫ জুলাই তারিখে তুরস্কে ব্যর্থ হওয়া একটি সেনা অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন রুবাবা।

এ ছবি সম্পর্কে তিনি বলেন, আমি সত্যিই এটি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে দিতে চেয়েছিলাম। আমি এটি আমাদের প্রেসিডেন্টের হাতে দিয়েছি এবং তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটি এরদোগানের হাতে পৌঁছে দেবেন।

ad

পাঠকের মতামত