308737

কর্মচারীর স্ত্রীর সঙ্গে চিকিৎসকের অনৈতিক সম্পর্ক গড়াল আদালতে

নড়াইল সদর হাসপাতালের এক কর্মচারীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিভাষ লংসভা শর্মার বিরুদ্ধে সদর উপজেলা আমলি আদালতে মামলা হয়েছে। একই সঙ্গে ওই কর্মচারীর স্ত্রী রিম্পা দাসকেও এই মামলায় আসামি করা হয়েছে।সোমবার দুপুরে এ মামলা দায়ের করেন সদর হাসপাতালের আউটসোর্সিং-এর কর্মচারী বিধান কুমার দাস।বিজ্ঞ বিচারক নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিভাষ কুমার শর্মা সদর হাসপাতালের ডক্টরস কোয়ার্টারে বসবাস করেন। তার স্ত্রী থাকেন অন্যত্র। হাসপাতালে আউটসোর্সিং প্রজেক্টে এমএলএসএস হিসেবে কাজের সুবাদে বাদী বিধান দাস ও তার স্ত্রী রিম্পা দাস কর্মচারী কোয়ার্টারে বসবাস করতেন। তিন মাস আগে হাসপাতালে পাশাপাশি অবস্থানের সুযোগ নিয়ে ডা. বিভাষ কুমার শর্মা বিধানের স্ত্রী রিম্পার সঙ্গে বিভিন্ন জায়গায় অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং ফেসবুক মেসেঞ্জারে বিভিন্ন অশ্লীল ছবি আদান প্রদান করে।

গত ৩ নভেম্বর হাসপাতালের কর্মচারী কোয়ার্টারে বিধানের একটি কক্ষে হাতেনাতে বিষয়টি ধরা পড়ে। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, ডা. বিভাষ কুমারের স্ত্রী চৈতি রায় স্বামীর বিরুদ্ধে জয়পুরহাটে যৌতুকের একটি মামলা করেছে। স্ত্রীর দায়ের করা মামলায় ডা. বিবাস কিছু দিন জেল-হাজতে ছিলেন। চৈতি এখন তার বাবার বাড়ি অবস্থান করছেন।

বাদী বিধান দাস জানান, লোকলজ্জার ভয় এবং সংসারের শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে এ মামলা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ডা. বিভাষ শর্মা মামলার বিষয়টি জানেন না বলে জানান।

তিনি আরো জানান, এ ধরনের অনৈতিক সম্পর্কের কথা সঠিক নয়। তবে স্ত্রী তার বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে স্বীকার করেছেন। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাকুরকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ মামলার বাদী পক্ষের আইনজীবী রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিজ্ঞ বিচারক নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ad

পাঠকের মতামত