৯৯ ভাগ ফ্লপ ছবির বছরে আলোচিত যে ১০ সিনেমা
বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে খারাপ বছর এই ২০১৯। চলতি বছর মুক্তি পেয়েছে পঞ্চাশটিরও কম চলচ্চিত্র, আর এর মধ্যে ব্যবসাসফল কেবল একটি মাত্র চলচ্চিত্র। অর্থাৎ মুক্তি পাওয়া ৪৭টি ছবির ৪৬টি ছবিই লোকসান করেছে। এতে শুধু সিনেমা হলগুলো নয়, বিপাকে পড়েছে প্রযোজকরাও। সেই সাথে তলানিতে গয়ে ঠেকেছে ঢাকাই চলচ্চিত্রের ঐতিহ্য।
সব মিলিয়ে বছরটি ছিল চলচ্চিত্রের জন্য চরম মন্দার বছর। এরমধ্যে মন্দের ভালো হয়েও আলোচনায় ছিলো বেশ কিছু বাংলা ছবি।
দেখে নেয়া যাক চলতি বছরে আলোচনায় থাকা ১০ ছবির তালিকা:
১. ফাগুন হাওয়ায় : নির্মাতা তৌকীর আহমেদ
৫২’র ভাষা আন্দোলনের উপর নির্মিত তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ ৮ ফেব্রুয়ারি মুক্তি পায়। চলচ্চিত্রটির দুই কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা যশপাল শর্মা।
২.যদি একদিন : নির্মাতা মোস্তফা কামাল রাজ
৮ মার্চ মুক্তি পায় ‘যদি একদিন’। ছবিটিতে প্রথমবারের মতো নায়ক হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান।
৩.আলফা : নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু
মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত তৃতীয় সিনেমা ‘আলফা’ মুক্তি পায় ২৬ এপ্রিল। তৃতীয় বিশ্বের শহরের এক নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। ছবিতে উঠে আসবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।
৪.নোলক : নির্মাতা সাকিব সনেট
শাকিব খান ও ববি জুটির সিনেমাটির পরিচালক সাকিব সনেট। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুল আলম সাচ্চু, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্ত প্রমুখ। দুই পরিবারের দ্বন্দ্ব ও একটি নোলককে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে।
৫.আবার বসন্ত : নির্মাতা অনন্য মামুন
ভিন্ন ধারার গল্পে ‘আবারও বসন্ত’ নির্মাণ করেছেন পরিচালক অনন্য মামুন। সিনেমাটির মাধ্যমে বৃদ্ধ বয়সে মা-বাবার প্রতি দায়িত্ববোধের জায়গাটা তুলে ধরা হয়েছে। ‘আবার বসন্ত’-এ আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, করভি মিজান, ইমতু রাতিশ, মুকিত, আনন্দ খালেদ প্রমুখ।
৬. লাইভ ফ্রম ঢাকা : নির্মাতা আবদুল্লাহ মুহাম্মদ সাদ
২৯ মার্চ রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় ছবিটি। ৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।
৭.ইতি, তোমারই ঢাকা : নির্মাতা ১১ জন
২৭ নভেম্বর মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’। ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটিতে থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ।
৮.ন’ ডরাই : নির্মাতা তানিম রহমান অংশু
২৯ নভেম্বর দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। ন ডরাই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ, চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, প্রযোজনা করেছেন মাহবুব রহমান। ‘সার্ফিং’ নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ন ডরাই।
৯.মায়া দ্য লস্ট মাদার : নির্মাতা মাসুদ পথিক
২৭ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’। বর্তমান সময়ে একজন বীরাঙ্গনার জীবন, সংসার ও অতীত নিয়ে ‘মায়া দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের গল্প। চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে।
১০. ডনগিরি : নির্মাতা শাহ আলম মন্ডল
ঘোষণার প্রায় চার বছর পর ১৮ অক্টোবর মুক্তি পায় ছবিটি। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি।
সূত্রঃ ব্রেকিংনিউজ






