ফারহানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
বিনোদন ডেস্কঃ বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। এতে যোগ দিয়েছেন বলিউড তারকারাও। বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন দেন তারা।
টুইটারে তো সরব ছিলেন, এমনকি মুম্বাইয়ের রাজপথেও নেমে আসেন ফারহান আখতার। বিক্ষোভকারীদের সঙ্গে হাঁটেন তিনি। এতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা করেছেন হিন্দু সংগঠনের সভাপতি ও আইনজীবী করণাসাগর কাশিমসেট্টি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হায়দরাবাদের সাইদাবাদ থানায় এই মামলা করা হয়। পুলিশ কর্মকর্তা শ্রীনিভাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৮ ডিসেম্বর নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে টুইটারে একটি পোস্ট দেন ফারহান। এতে তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে প্রতিবাদের দিন শেষ, এবার রাস্তায় নামুন’।সেই টুইটে একটি ছবিও যুক্ত করে দেন তিনি, যাতে দেখা যায় বিক্ষোভে অংশ নিয়েছেন এই তারকা।
ফারহানের বিরুদ্ধে হিন্দু সংগঠনের নেতার অভিযোগে বলা হয়, ‘আমি আমার টুইটার অ্যাকাউন্ট ব্রাউজ করার সময়ে ফারহান আখতারের টুইটটি দেখতে পাই। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, নাগরিকত্ব সংশোধনী আইনে অমানবিকভাবে মুসলিম, ভূমিহীন দলিত, রূপান্তরকামী এবং যাদের নথিপত্র নেই এমন মানুষদের দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবে না।
তাদের জেলে ঢোকানো হতে পারে কিংবা দেশের বাইরে বের করে দেয়া হতে পারে। যেসব কথা উসকানিমূলক এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। ফারহান এটা ইচ্ছাকৃত করেছেন এবং তারপর দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিক্ষোভও হয়েছে। যাতে সরকারি সম্পত্তির মারাত্মক নষ্ট হয়েছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তারও শিকার হয়েছেন তিনি। সন্দীপ মিত্তাল নামে মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা তাকে হুঁশিয়ারি দেয়।
একইভাবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হয়ে টুইটারে মোদি-শাহ বিরোধী মন্তব্য করায় খ্যাতনামা তামিল অভিনেতা সিদ্ধার্থের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনিও বিক্ষোভ অংশ নিয়েছিলেন। দ্রাবিড়ভূমের গায়ক টিএম কৃষ্ণসহ আরো অনেকের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে।






