308015

চলে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক, আসছেন নতুন দু’জন

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বছরের শেষ মাসের প্রায় পুরোটা কোন খেলা ছিল না শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। এ সময়টায় লঙ্কান ক্রিকেটারদের ফ্রি পাওয়া যাবে- এমন ভেবেই কুশল পেরেরাকে দলে নেয়া।

প্লেয়ার্স ড্রাফটে বিদেশি কোটায় ক্রিকেটার সংগ্রহের প্রথম সুযোগেই লঙ্কান টপ অর্ডার কুশল পেরেরাকে কল করেছিল কুমিল্লা ওয়ারিয়র্স; কিন্তু এ লঙ্কানকে এখনো পায়নি কুমিল্লা।

কি করে পাবে? আগে থেকে ঠিক করা না থাকলেও হঠাৎই পাকিস্তান সফরে টি-টোয়েন্টি আর টেস্ট সিরিজ খেলতে রাজি হয়ে যায় লঙ্কান ক্রিকটে বোর্ড। যেহেতু তিনি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেরই অপরিহার্য্য সদস্য, তাই বিপিএল খেলতে আসা হয়নি কুশল পেরেরার।

তাকে না পেয়ে অপর দুই লঙ্কান দাসুন শানাকা আর রাজা পাকসেকে ঠিকই উড়িয়ে আনেন কুমিল্লা ম্যানেজমেন্ট। তাদের খেলানোও হয়েছে। শুধু খেলানোই নয়, দাসুন শানাকাকে দল পরিচালনার দায়িত্বও দেয়া হয়। দেশি ক্রিকেটারদের বাদ দিয়ে কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়কত্বও করেছেন শানাকা।

কিন্তু চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় দ্বিতীয় পর্ব থেকে এ লঙ্কানের বদলে নতুন অধিনায়ক খুঁজতে হবে কুমিল্লা ওয়ারিয়র্স ম্যানেজমেন্টকে। কারণ, চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার দিন থেকে আর সার্ভিস দিতে পারবেন না অধিনায়ক শানাকা। তিনি ফিরে যাবেন স্ব-দেশে।

কুমিল্লার টেকনিক্যাল অ্যাডভাইজর মিনহাজুল আবেদিন নান্নু আজ রোববার বিকেলে জানিয়েছেন, ‘আগামী পরশু, ২৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের সাথে ম্যাচটি খেলেই দেশে ফিরে যাচ্ছেন দাসুন শানাকা ও রাজা পাকশে।’

এই দু’জন চলে গেলেও তাদের পরিবর্তে নতুন দুইজন আসতেছেন কুমিল্লায়। দুজনই ভিনদেশি। একজন লঙ্কান; উপুল থারাঙ্গা। বাংলাদেশের বহুবার খেলে যাওয়া এ বাঁ-হাতি লঙ্কান ফ্রন্টপলাইনার উপুল থারাঙ্গার সাথে রাজা পাকশের পরিবর্তে আসছেন এক দক্ষিণ আফ্রিকান, ডেভিড ওয়াইজ।

মিনহাজুল আবেদিন নান্নুর কথায় পরিষ্কার আভাস, ২৭ ডিসেম্বর ঢাকায় পরবর্তী পর্ব শুরুর আগেই হয়ত রাজধানী ঢাকা আসবেন থারাঙ্গা আর ডেভিড ওয়াইজ। প্রসঙ্গতঃ পেস বোলিং অলরাউন্ডার ডেভিড ওয়াইজ খুলনার হয়ে এর আগে খেলে গেছেন বিপিএলে।

ad

পাঠকের মতামত