307676

মই বেয়ে উঁচুতে উঠে পার হতে হয় সেতু!

জীবনের ঝুঁকি নিয়েই মই বেয়ে উঁচুতে উঠে পার হতে হয় সেতু। কারন প্রায় এক বছরেও শেষ হয়নি গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর ওপর নবনির্মিত সাকাশ্বর সেতুর পূর্বপাশের সংযোগ সড়ক। এর ফলে এক প্রান্তের লোকদের উঁচু মই বেয়ে উপরে উঠে পার হতে হয় এই সেতু। দেখা যায় প্রায় ২৫ ফুট লম্বা লোহার মই। সেতু পার হতে উপরে উঠতে হচ্ছে মই বেয়ে। এভাবেই মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ।

দুই বছর আগে ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ শুরু হয় গাজীপুরের তুরাগ নদীর ওপর সাকাশ্বর সেতুর কাজ। চলতি বছরের প্রথম দিকে শেষ হয় মূল সেতুর নির্মাণ কাজ। তবে প্রায় এক বছরেও সেতুর সংযোগ সড়ক শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এদিকে দ্রুত সংযোগ সড়ক শেষ করে চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। এ মাসের মধ্যেই ঢালাইয়ের কাজ শেষ হবে। আশা করি, সামনের মাসেই চালু করে দিতে পারবো। এ বিষয়ে সেতু সংশ্লিষ্টরা জানান, ৯৯ মিটার দীর্ঘ সাকাশ্বর সেতুটি খুলে দেয়া হলে গাজীপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব ১০ কিলোমিটার কমে আসবে।

ad

পাঠকের মতামত