রিসোর্টে আপত্তিকর অবস্থায় ধরা পাঁচ ভুয়া দম্পতি
অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গাজীপুর পুলিশ কালিয়াকৈরের একটি রিসোর্টে অভিযান চালিয়ে পাঁচ ভুয়া দম্পতিকে আটক করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটকরা হলেন- উত্তম কুমার বর্মন (৩৬), বৃষ্টি আক্তার (২৫), মো. আবুল হোসেন আকাশ (৪০) মোসা. মুন্নি (৩০), মো. ওয়ালি উল ইসলাম নাহিন (২৫), মোসা. তাবাসুম (২৩), মো. মাহফুজুর রহমান (৩৫), জুঁই (২০), মো. আ. মান্নান মুন্না (২৪), মোসা. রোজিনা আক্তার (২৬) ও একে আজাদ (৪৯)।
পুলিশ জানায়, এসপি শামসুন্নাহার পিপিএমের নির্দেশে ও অ্যাডিশনাল এসপি আমীনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক গত ২৩শে আগস্ট গাজীপুর ডিবির মাদকবিরোধী স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈরের কালামপুর এলাকার ওই রিসোর্টের ভেতরে অভিযান পরিচালনা করে। সেসময় রিসোর্টের কটেজের ভেতরে তাদেরকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে পুলিশ।
আপত্তিকর অবস্থায় পেয়ে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসা করলে একেক সময় একেক কথা বলে। তারা প্রথমে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরবর্তী সময় তারা স্বামী-স্ত্রী নয় মর্মে স্বীকার করে। তারা কি উদ্দেশ্যে ওই স্থানে অবস্থান করছে এ সংক্রান্তে জিজ্ঞাসাবাদে একেক সময় একেক কথা বলে বিভ্রান্ত করে। পরে নাম প্রকাশ করে। এ ব্যাপারে এসআই কাজী শাওন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে থানায় মামলা করেন।




