বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবদম্পতির
বিয়ে করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অভিভাবকের চোখের সামনে এক মার্কিন যুগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সিএনএন জানিয়েছে, টেক্সাসের ২০ কিলোমিটার দূরে অরেঞ্জ শহরের রাস্তায় একটি ট্রাকের সঙ্গে বিয়ের গাড়ি ধাক্কা লাগলে হারলে মরগান (১৯) এবং রিয়ানন বৌদ্রিওক্স নামের ওই যুগল মারাত্মকভাবে আহত হন।
হাসপাতালে নিতে নিতে দুজন পরপারে চলে যান। দুর্ঘটনার শিকার হওয়া গাড়ির পেছনেই ছিল তাদের পরিবারের গাড়ি। মরগানের মা কেনিয়া বলেন, ‘আমি আমার সন্তানকে মরতে দেখলাম! আমার শরীরে এখনো রক্ত লেগে আছে।’
‘জীবনের বাকিটা সময় এই দৃশ্য আমাকে রক্তাক্ত করে যাবে। কোনোদিন ভুলতে পারবো না। কোথাও যেতে পারবো না।’ বিয়ের গাড়িতে থাকা যুগল নিহত হলেও ট্রাকের ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। কেনিয়া মরগান জানান, ছেলের বিয়ে উপলক্ষে ডিসেম্বরের ২০ তারিখ অর্থাৎ বড়দিনের সময় তাদের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। তার আগে একটি কোর্টে বিয়ে রেজিস্ট্রি করা হয়। সেখান থেকেই সবাই ফিরছিলেন।




