অরুণ জেটলি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক অর্থমন্ত্রী বিজেপির প্রবীন নেতা অরুণ জেটলি মারা গেছেন। দিল্লির এইমস হাসপাতালে শনিবার তিনি মারা যান। খবর এনডিটিভিরমৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।গত ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই অবস্থা সংকটাপন্ন হতে থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এ অবস্থাতেই শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণ জেটলি। ডায়াবিটিসের রোগী তিনি। অর্থমন্ত্রী থাকাকালীন গতবছর কিডনি প্রতিস্থাপনও হয় তাঁর। যে কারণে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটের সময় সংসদে উপস্থিত থাকতে পারেননি।
শারীরিক অসুস্থতার জেরে মে মাসেও একবার এমসে ভর্তি হন জেটলি। সেই থেকে সক্রিয় রাজনীতিতে সেভাবে আর দেখা যায়নি তাঁকে।এমনকি এ বছর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী দ্বিতীয় বার ক্ষমতায় ফিরলেও, মন্ত্রিত্ব নিতে রাজি হননি জেটলি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন, বেশ কিছু দিন ধরে অসুস্থ তিনি। চিকিৎসাধীন রয়েছেন। তাই এ বার নিজের জন্য একটু সময় চান।
তবে সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও, সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অরুণ জেটলি। মোদী সরকারের বিভিন্ন সিদ্ধান্তের পক্ষে নিয়মিত সওয়ালও করেন তিনি।




