ময়নাতদন্তের সময় মরদেহের পেটে মিললো ১১ প্যাকেট ইয়াবা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের সময় মরদেহের পেটে ১১ প্যাকেট ইয়াবা পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে মতিঝিলের বিশ্বাস টাওয়ারের সামনে একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিল। এ সময় লোকজন তার মাথায় পানি ঢালছিল। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা ১১টার দিকে সে মারা যায়। ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, মতিঝিল থেকে আসা একটি মৃতদেহ শনিবার (২৭ এপ্রিল) সকালে ময়নাতদন্তের সময় তার পেটে ইয়াবা ট্যাবলেটের ১১টি প্যাকেট পাওয়া যায়। যার প্রত্যেকটিতে আনুমানিক ২০-২৫ পিস করে ইয়াবা রয়েছে। সংশ্লিষ্ট থানাকে (মতিঝিল থানা) বিষয়টি জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, নিহতের নাম জুলহাস (৩৫)। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।এদিকে নিহতের ছোট ভাই মেহেদি হাসান জানিয়েছেন, তার ভাই গত ২১ এপ্রিল কাজের কথা বলে ঢাকার মিরপুরে আসেন। পরে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।




