তাসকিনের স্বপ্নভঙ্গে ‘হাসি’ ফুটল যার মুখে
সব স্বপ্ন পূরণ হয় না এটা আজ হাড়ে হাড়ে টের পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ইনজুরি থেকে ফেরার জন্য কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারলেন না তিনি। নিজের স্বপ্ন ভঙ্গের বেদনা সইতে না পেরে সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন দেশের অন্যতম সেরা এই পেসার। তাসকিনের স্বপ্নভঙ্গ হলেও নির্বাচকদের রায়ে মুখে হাসি ফুটেছে পেসার আবু জায়েদ রাহীর। তাসকিনের ইনজুরির কারণে তাকে দলে রাখেননি নির্বাচকরা। এই সুযোগে দলে অন্তর্ভূক্ত হয়ে গেলেন রাহী। কোনো ওয়ানডে না খেলেই বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়ে হতভম্ব হয়ে গেছেন এই পেসার।
বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তির পর নিজের অনুভূতি জানাতে গিয়ে রাহী বলেন,‘অবশ্য বিস্ময়কর ছিলো। আশা করেছিলাম যে ২০ জনের মধ্যে থাকবো। এই মাঠে প্রিমিয়ার লিগের ২টি ম্যাচ খুব ভালো হয়েছে। তখন মনে হয়েছিলো যে ২০ জনের ভেতরে থাকবো। যখন শুনলাম যে ১৫ জনের মধ্যে আছি তখন আরেকটু বেশি অবাক হয়েছি।’ এদিকে আজ মঙ্গলবার বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন পেসার তাসকিন। সেখানেই দলে না থাকার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের সামনে কেঁদে ফেলেন তিনি।
তাসকিনের আক্ষেপ ইনজুরি থেকে ফেরার জন্য কঠোর পরিশ্রম করার পরও বিশ্বকাপ দলে ডাক পাননি। তবে নির্বাচকরা যাকে ভালো মনে করেছেন তাকেই নিয়েছেন বলে জানান তাসকিন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, ‘আমার কিছু বলার নাই। তারা (নির্বাচক) যা ভালো মনে করেছে তাই করেছে। এই আড়াই মাস আমি যা কষ্ট করেছি, আমি আর কখনো এমন কষ্ট করি নাই।’ আজ দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সঙ্গে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিশ্বকাপ স্কোয়াড : মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত।




