আইপিএলে এক ওভারে ৭ বল, অবশেষে জানা গেল কারণ
আইপিএলে আজ (৩০ মার্চ) মুম্বই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন মুখোমুখি হয়েছে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন’র অধিনায়ক অশ্বিন। তবে খেলার শুরুতেই ছড়ায় বিভ্রান্তি। প্রথম ওভার বল করতে আসেন অশ্বিন। একে একে সাতটি বল করেন তিনি। এ নিয়ে উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। পরে অবশ্য জানা যায় ৬টি বলই করেছিলেন তিনি।
শনিবার অশ্বিন ৬টি বলে শেষ করে যখন সপ্তম বলটি করলেন তখন কুইন্টন ডি কক বলটিকে পাঠিয়ে দেন বাউন্ডারিতে। ৬টি বল হয়ে গেলেও আম্পায়ার কেন ওভার দিলেন না? তিনি কি ভুল করলেন? পরে অবশ্য জানা যায়, অশ্বিনের করা প্রথম বলটি ছিল ‘ডেড বল’। প্রথম বলটির জন্য তৈরিই ছিলেন না মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। তাই সেই বলটিকে ডেড বল ঘোষণা করা হয়।
এবারের আইপিএলে শুরু থেকেই বিতর্ক হচ্ছে। রাজস্থান রয়্যালসের জস বাটলারকে রান আউট করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন অশ্বিন। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে লাসিথ মালিঙ্গার ‘নো বল’ এড়িয়ে গিয়েছিল আম্পায়ারের চোখ। ম্যাচ হারতে হয়েছিল আরসিবিকে। ক্ষিপ্ত বিরাট কোহালি আম্পায়ারিংয়ের মান বাড়ানোর সওয়াল করেছিলেন। বলেছিলেন, ‘এটা কি আইপিএল নাকি ক্লাব স্তরের ক্রিকেট? আম্পায়ারের চোখ খোলা রাখা উচিত ছিল। শেষ বলে যা হল তা হাস্যকর।’
এদিন শেষ হাসি অবশ্য হাসে কিংস ইলেভেন পঞ্জাবই। আট বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় কিংস শিবির। মুম্বই প্রথমে ব্যাট করে তোলে সাত উইকেটে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব।




